
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজারে কর্ণফুলী নদীতে গতকাল শনিবার সকালে একটি মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মাঝি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় অপর তিনজন অগ্নিদগ্ধসহ চারজন আহত হয়েছেন। নৌকায় রাখা একটি তেলের ড্রামে হঠাৎ করে আগুন লাগে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সন্ধ্যায় নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মো. লিটন (৩০) নামের ওই যুবকের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে। আহত অন্যরা হলেন মো. নূরুদ্দিন (৪৩), মো. আকবর (২০) ও মো. আলমগীর (৪৩)। আহত ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনকে একই হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাশ বলেন, ‘লিটনের অবস্থা খুবই খারাপ। বাকি দুজন আশা করি সেরে উঠবেন।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে একটি কাঠের নৌকায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ফিরিঙ্গীবাজার এলাকায় যায়। যাওয়ার আগেই আগুন নিভে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে অগ্নিদুর্ঘটনার সময় দুজন মাঝিমাল্লা নিখোঁজ হন। পরে সন্ধ্যায় নদী থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি থানার পুলিশ নিশ্চিত করতে পারেনি।
তবে চর পাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ছাবের আহমদ জানান, সন্ধ্যার দিকে আংশিক ডুবে যাওয়া ট্রলারের দুজন মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিদুর্ঘটনাকবলিত নৌযানটির নাম এফবি সানজিদা আকতার। মালিক হচ্ছেন মনির আহমেদ। তাঁকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরার ট্রলারটির একটি তেলের ড্রামে হঠাৎ করে আগুন লাগে। আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। একপর্যায়ে কয়েকজন মাঝিমাল্লা ড্রামটিকে ঠেলে নদীতে ফেলে দেন। এ সময় কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের পর ট্রলারটি আংশিক ডুবে যায়।
চমেক হাসপাতালের উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা জানিয়েছেন একটি কাঠের ইঞ্জিন নৌকায় তেলের ড্রাম থেকে আগুন লাগে। পরে নৌকাটিও অনেকটা পুড়ে যায়।