পটুয়াখালীর একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের দুজন শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টির সমাধান না হওয়ায় তিন মাস ধরে ওই দুই শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের দাপ্তরিক কাজেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১৯৯৪ সালের ডিসেম্বরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপন করা হয়। সুইড বাংলাদেশ কর্তৃক পরিচালিত এ বিদ্যালয়টিতে বর্তমানে তিনজন শিক্ষক আছেন। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। তবে শিক্ষার্থীদের গড় উপস্থিতির সংখ্যা ৩০ থেকে ৩৫ জন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ নভেম্বর স্কুলের প্রধান শিক্ষক সুমন কুমার দাস অন্য চাকরি নিয়ে চলে গেলে পদটি শূন্য হয়। তখন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক নুর-ই-রশিদ মাকসুদা লাইজুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। গত ২৩ এপ্রিল সুইড বাংলাদেশের মহাসচিব মো. হেমায়েত উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে লাইজুকে পদোন্নতি দিয়ে শূন্য পদটি পূরণের পরামর্শ দেওয়া হয় এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রধান শিক্ষকের বেতন স্কেলেরও অনুমোদন দেওয়া হয়। ২৪ এপ্রিল লাইজু আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এবং বেতন-ভাতা উত্তোলন করেন। চার দিন পর ২৯ এপ্রিল সুইড বাংলাদেশ, পটুয়াখালী শাখা কমিটি লাইজুর পরিবর্তে বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মো. মুনির হোসায়েনকে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে তা অনুমোদনের জন্য সংস্থার কেন্দ্রীয় মহাসচিব বরাবর পাঠান। এর পর থেকে দুজনেরই বেতন-ভাতা বন্ধ রয়েছে। বিষয়টির সমাধান না হওয়ায় দাপ্তরিক কাজেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
নুর-ই-রশিদ মাকসুদা লাইজু বলেন, ‘প্রধান শিক্ষক হওয়ার জন্য আমার স্নাতকসহ বিএসএড ডিগ্রি থাকায় সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমাকে পদোন্নতিসহ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও বেতন অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী আমিই এ প্রতিষ্ঠানের বৈধ প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বেতন উত্তোলনের চার দিন পর হঠাৎ সুইড বাংলাদেশের পটুয়াখালী শাখা কমিটির অপর একজনকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্পূর্ণ অবৈধ।’ মো. মুনির হোসায়েন বলেন, পটুয়াখালী শাখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে সুইড বাংলাদেশের পটুয়াখালী শাখা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘আসলে পদোন্নতি ও নিয়োগ নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি জাতীয় নির্বাহী কমিটি বরাবরে অবহিত করা হয়েছে। সেখান থেকে যাকে অনুমোদন দেওয়া হবে তিনিই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।’