দুজন প্রার্থীর পেশা রাজনীতি

ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা) মোট সংসদীয় আসন ২৪টি। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বিভাগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে ২৪ জন ও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ২৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
এ বিভাগে মহাজোট ও ঐক্যফ্রন্ট থেকে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, হলফনামায় প্রার্থীরা তাঁদের পেশার যে বর্ণনা দিয়েছেন, তাতে দেখা গেছে, এই দুই জোট থেকে মাত্র দুইজন রাজনীতিবিদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজনীতি
৪৮ জন প্রার্থীর মধ্যে মাত্র ২ জন তাঁদের পেশা হিসেবে রাজনীতি দেখিয়েছেন। এই দুজন (শেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী ও শেরপুর-৩ থেকে এ কে এম ফজলুল হক চান) আবার মহাজোট থেকে অংশ নিচ্ছেন। ঐক্যফ্রন্ট থেকে কোনো রাজনীতিবিদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। অর্থাৎ এই বিভাগে মোট রাজনীতিবিদ ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থী।
ব্যবসা
দুই প্রধান জোটেই ব্যবসায়ীরা সমান গুরুত্ব পেয়েছেন। উভয় জোট থেকে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নির্বাচনে অংশ নিচ্ছেন। মহাজোটের ২৪ প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থী তাঁদের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। এর মানে, এ জোট থেকে ৬২ দশমিক ৫ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা। আর ঐক্যফ্রন্ট থেকে ১৪ জন প্রার্থী তাঁদের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। এ জোটের ৫৮ দশমিক ৩৩ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা। অর্থাৎ ৪৮ প্রার্থীর ৬০ দশমিক ৪২ শতাংশ জনের পেশা ব্যবসা।
কৃষি
মহাজোটের কেউই পেশা হিসেবে কৃষি দেখাননি। তবে ঐক্যফ্রন্ট থেকে একজন তাঁর পেশা হিসেবে কৃষি দেখিয়েছেন। এর মানে, এ জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থীর পেশা কৃষি। আর দুই জোটের ২ দশমিক ০৮ শতাংশ প্রার্থীর পেশা কৃষি।
পেশাজীবী
মহাজোটের দুজন প্রার্থী তাঁদের পেশা হিসেবে পেশাজীবী দেখিয়েছেন। এ জোটের ৮ দশমিক ৩৩ শতাংশ প্রার্থীর পেশা পেশাজীবী। ঐক্যফ্রন্টে তিনজন প্রার্থী তাঁদের পেশা হিসেবে পেশাজীবী দেখিয়েছেন। এ জোটের ১২ দশমিক ৫ শতাংশ প্রার্থীর পেশা পেশাজীবী। অর্থাৎ দুই জোটের ১০ দশমিক ৪২ শতাংশ প্রার্থীর পেশা পেশাজীবী।
কৃষি ও ব্যবসা
এই জোটের কেউ কেউ তাঁদের পেশা হিসেবে কৃষির পাশাপাশি ব্যবসা দেখিয়েছেন। মহাজোটের একজন পেশা হিসেবে কৃষি ও ব্যবসা দেখিয়েছেন। এ জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থীর পেশা কৃষি ও ব্যবসা। ঐক্যফ্রন্টের একজন পেশা হিসেবে কৃষি ও ব্যবসা দেখিয়েছেন। এ জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থীর পেশা কৃষি ও ব্যবসা। অর্থাৎ দুই জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থীর পেশা কৃষি ও ব্যবসা।
আইনজীবী
মহাজোটের দুজন প্রার্থী তাঁদের পেশা হিসেবে আইনজীবী দেখিয়েছেন। এ জোটের ৮ দশমিক ৩৩ শতাংশ প্রার্থীর পেশা আইনজীবী। ঐক্যফ্রন্টে চারজন প্রার্থী তাঁদের পেশা হিসেবে আইনজীবী দেখিয়েছেন। এ জোটের ১৬ দশমিক ৬৭ শতাংশ প্রার্থীর পেশা আইনজীবী। অর্থাৎ দুই জোটের ১২ দশমিক ৫ শতাংশ প্রার্থীর পেশা আইনজীবী।
মিশ্র
মহাজোটের একজন প্রার্থী পেশা হিসেবে কয়েকটিকে দেখিয়েছেন। এ জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থী এই তালিকায় রয়েছেন। ঐক্যফ্রন্টের একজন পেশা হিসেবে কয়েকটি পেশা দেখিয়েছেন। এ জোটেরও ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থী এই তালিকায় রয়েছেন। অর্থাৎ দুই জোটের ৪ দশমিক ১৭ শতাংশ প্রার্থীর পেশা মিশ্র।
এ ব্যাপারে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেত্রকোনা জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, ‘রাজনীতিতে বা সংসদে এখন প্রকৃত রাজনীতিবিদদের চেয়ে
বিভিন্ন শ্রেণি-পেশা, বিশেষ করে ব্যবসায়ীদের প্রাধান্য দেখা যাচ্ছে। এর কারণ, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে কোনো সংসদ নির্বাচন হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক চর্চা না থাকায় এখনকার শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চার সুযোগ পাচ্ছেন না। ফলে রাজনীতিবিদ হওয়ার প্রবণতা গড়ে উঠছে না। এ জন্য বর্তমান রাজনীতিই দায়ী’ শ্যামলেন্দু পাল আরও বলেন, সরকার বা বিরোধী দল, এমনকি সুশীল সমাজের যাঁরা নেতৃত্ব দেন, তাঁরা তরুণ প্রজন্মকে রাজনীতির ধারায় আনতে কোনো উদ্যোগ গ্রহণ করছেন বলে আমি মনে করি না। সরকার মনে করে, যদি সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে তাঁদের সমর্থকেরা বিজয়ী না–ও হতে পারে। এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। কে জিতল বা কে হারল, তার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন নতুন নেতা তৈরি হওয়া। রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হলে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচন দিতে হবে।’
সুজনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শিব্বির আহমেদ বলেন, সাংসদ পদে নির্বাচনের জন্য একজন প্রার্থী ২৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন বলে নির্বাচন কমিশনই নির্ধারণ করে দেয়। কাজেই এখানে অর্থও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটি অন্যতম যোগ্যতার মধ্যেই পড়ে। এ ছাড়া সামাজিকভাবেও মনে করা হয়, নির্বাচনে অংশ নেওয়া মানেই প্রার্থীর যথেষ্ট টাকা থাকতে হবে। তাই দেশে এখনো রাজনীতিকে পেশা হিসাবে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। ফলে সংসদ নির্বাচনের বেশির ভাগ প্রার্থীই ব্যবসায়ী বা অন্য কোনো পেশাজীবী। রাজনীতিকে একমাত্র পেশা হিসাবে যখন গ্রহণ করা হবে, তখন রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। এ জন্য সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মানসিক পরিবর্তন দরকার।