ভোলায় গতকাল শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং একজন শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে একটি কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সাতক্ষীরায় ভুয়া প্রশ্নপত্রসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের এক কক্ষে গিয়ে দেখা যায়, বেঞ্চে পরীক্ষার্থীদের কোনো রোল নম্বর নেই। এ কারণে পরীক্ষার্থীরা নিজের ইচ্ছামতো বসেছে। এই কক্ষেই ‘ভুয়া পরীক্ষার্থী’ হিসেবে পরিচিত দৌলতখান ভূমি কার্যালয়ের নাজির আনোয়ার হোসেনের ভাই হোসেন, বোন খালেদা, শিক্ষক রাসেদুল ইসলাম পরীক্ষা দিয়েছেন। তবে আনোয়ার হোসেন পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অপরাধে ভোলা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষের পরিদর্শক মো. ফিরোজকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মোবাইল ফোনের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বাইরে থেকে পাঠানো উত্তর গ্রহণ করার অপরাধে সরকারি বালিকা বিদ্যালয় ও নাসরিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ হোসেন জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে একজন শিক্ষককে পুলিশে সোর্পদ ও দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ: শহরের নবাবগঞ্জ উচ্চবিদ্যালয় (টাউন হাইস্কুল) পরীক্ষাকেন্দ্র থেকে রবিউল ইসলাম (২১) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার শেরপুর ভাণ্ডার গ্রামে। পুলিশ জানায়, রবিউল একই এলাকার মোহা. আবু সেলিমের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের শহীদ রীমু সরণির একটি বাড়ি থেকে গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ ১৪ জনকে আটক করা হয়েছে।