বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকবাজারে মো. রাকিব (১২) নামের এক শিশু এবং আবদুল্লাহপুরে মো. পারভেজ (২২) নামের এক নির্মাণশ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বিকেলে দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রাকিবের স্বজনেরা জানান, মা-বাবার সঙ্গে রাকিব চকবাজারের ইসলামবাগের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকে। তৃতীয় তলার জানালা ঘেঁষে বিদ্যুতের লাইন গেছে। রাকিব যাতে তারটি ধরতে না পারে সে জন্য একটি কাঠ দিয়ে তা দূরে সরিয়ে রেখেছিলেন রাকিবের বাবা। গতকাল বিকেলে রাকিব ওই কাঠটি ধরে নাড়াচাড়া করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। এদিকে বিকেল চারটার দিকে আবদুল্লাহপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন পারভেজ। বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানান, পারভেজের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।