দুজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ইউনিয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের দুজন সদস্য গত ৫ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুজনেই নিজেদের বৈধ চেয়ারম্যান হিসেবে দাবি করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ এপ্রিল তালজাঙ্গা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান খান মারা যান। ১৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের এক সভায় ইউপি সদস্য মুকদুম আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে গত বছরের ২৯ অক্টোবর ১১ জন ইউপি সদস্য মুকদুুুম আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। তদন্ত সাপেক্ষে ২৮ নভেম্বর ইউএনও এক লিখিত আদেশে মুকদুম আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং আরেক ইউপি সদস্য ইকবাল হোসেন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। সেই থেকে ইকবাল হোসেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এদিকে ইউএনওর ওই আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করে মুকদুম আলী ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এদিনই ইউএনওর আদেশকে স্থগিত করে কারণ দর্শানোর নির্দেশ জারি করেন। এ আদেশের অনুলিপি গত ৫ জানুয়ারি মুকদুম আলী ইউএনওর কাছে দাখিল করেন। এলাকাবাসী জানান, আদেশের অনুলিপি ইউএনওর কাছে দাখিলের পর থেকে মুকদুম আলী ইউনিয়ন পরিষদের দেওয়া নাগরিক সনদে চেয়ারম্যান হিসেবে স্বাক্ষর করছেন। অপরদিকে ইকবাল হোসেনও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে মুকদুম আলী বলেন, ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দেওয়ার পর থেকে আমি বৈধ চেয়ারম্যান।’ তিনি অভিযোগ করেন, রায়ের অনুলিপি ইউএনওর কাছে দাখিল করার পরও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘বৈধ চেয়ারম্যান হিসেবে আমি ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজকর্ম করে যাচ্ছি।’ মুকদুম আলী হাইকোর্টে রিট আবেদন করে পক্ষে রায় পেয়েছেন বিষয়টি জানেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের কাছে শুনেছি, কোনো কাগজপত্র বা নির্দেশনা পাইনি। যোগাযোগ করা হলে ইউএনও ইউসুফ আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘রায়ের মূল কপি আসতে বিলম্ব হওয়ায় এখন হাতে পাওয়া অনুলিপির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’