দুজন শিক্ষক দিয়েই চলছে সন্দ্বীপের একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়
সন্দ্বীপ উপজেলার পৌরসভায় হারামিয়া কমপ্লেক্স এলাকায় অবস্থিত মোমেনা সেকান্দর সরকারি বালিকা বিদ্যালয় চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। শিক্ষকসংকটের কারণে সন্দ্বীপের একমাত্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টিতে মেয়েদের ভর্তি করাতে চান না অভিভাবকেরা।
মোমেনা সেকান্দর উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে সন্দ্বীপের কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে জাতীয়করণের পর থেকে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ১৯৯০ সালে ছাত্রীসংখ্যা ছিল ৮০০ থেকে ৯০০-এর মতো। কিন্তু ১৯৯৩ সালে নদীভাঙনে বিলীন হয়ে যায় বিদ্যালয়ের পুরোনো ভবন। এরপর পৌর এলাকার অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে ২০০৭ সাল পর্যন্ত অস্থায়ীভাবে বিদ্যালয়টির কার্যক্রম চলে। এ সময় শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে আশঙ্কাজনক হারে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে হারামিয়া কমপ্লেক্স এলাকায় চারতলা নিজস্ব ভবনে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। তখন ১১ জন শিক্ষক নিয়োগ দিলে আবারও শিক্ষার্থী ভর্তি হতে থাকে বিদ্যালয়টিতে। কিন্তু দুই বছরের মাথায় আটজন শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেলে শিক্ষকের সংখ্যা তিনে দাঁড়ায়। এর মধ্যে একজন শিক্ষক প্রেষণে চট্টগ্রামের একটি বিদ্যালয়ে কর্মরত আছেন। ফলে, দুজন শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়। শারীরিক শিক্ষা বিভাগের একজন শিক্ষক গত বছর ডিসেম্বর মাসে যোগদান করলেও তিনি সন্দ্বীপে থাকেন না বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরাও ভর্তি হতে আগ্রহী হয় না। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৮৬।
বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক মো. তৈয়ব ও ইসলামি শিক্ষার শিক্ষক ওহিদুল হক নূরীকে সব বিষয়ে পাঠদান করতে হয়। গণিত, ইংরেজি, বিজ্ঞান ও হিসাববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
মো. তৈয়ব বলেন, ‘শিক্ষক না থাকায় বাধ্য হয়ে আমাদের দুজনকে অন্য বিষয়গুলো পাঠদান করতে হচ্ছে। এতে মানসম্মত পাঠদান হচ্ছে না। আমাদের ওপরও চাপ পড়ছে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ওহিদুল হক। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। একাধিকবার চিঠিও দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্ল্যা বলেন, সন্দ্বীপের মতো দ্বীপাঞ্চলে শিক্ষকেরা থাকতে চান না। এ কারণে দ্বীপাঞ্চলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন এ বিষয়ে বলেন, সরকারিভাবে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। সন্দ্বীপের মতো দ্বীপাঞ্চলে শিক্ষক নিয়োগ দিলেও তাঁরা থাকতে চান না। এ ক্ষেত্রে যাঁরা সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।