দুজন শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত মার্কেট এবং বোটানিক্যাল গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। আহত এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ফটোকপি করতে কামাল-রঞ্জিত মার্কেটে যান। সেখানে তিনি আকস্মিক দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে রাত সাড়ে নয়টার দিকে ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আসওয়াদ হোসেন বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যায়। সবাই শহীদ মিনার ছেড়ে যান। বোটানিক্যাল গার্ডেনের সামনে ১০-১২ জনের একটি দল লাঠি দিয়ে আসওয়াদকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আসওয়াদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত দুই শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর উজ্জ্বল কুমার নাথ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। যে বা যারা এ ঘটনাটি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’