দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটরে পুলিশ বহনকারী বাসে পেট্রলবোমা হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা-কর্মী গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জবানবন্দি দেওয়া দুজন হলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ওরফে নয়ন ও কর্মী অনুপ চন্দ্র রায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল এই দুজনকে আদালতে হাজির করে। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের জবানবন্দি গ্রহণের আবেদন জানান। মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ তাঁর খাসকামরায় রবিউল ইসলামের এবং মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাসকামরায় অনুপের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে উভয় আদালত ওই দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯ জানুয়ারি এই আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এই দুজনের সঙ্গে গ্রেপ্তার হওয়া জোবায়ের রিমান্ডে আছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র তদন্তের স্বার্থে রবিউল ও অনুপের জবানবন্দি সম্পর্কে কিছু জানাতে অপারগতা জানায়। গত ২৪ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে বাংলামোটরে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়ে ট্রাফিক পুলিশের সদস্য ফেরদৌস নিহত হন।
ওই ঘটনায় অগ্নিদগ্ধ হন বাসটির চালক ও পুলিশের আরেকজন সদস্য। পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করা হয়।