দুজনকে অপহরণ, সন্ধ্যায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী হলেন জনি মং মারমা ও সুচিং মারমা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা অনুষদের নিচতলার গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সকালে কলা ও মানববিদ্যা অনুষদে ভর্তির জন্য মৌখিক পরীক্ষা দিতে আসেন জনি মং মারমা। দুপুর ১২টার দিকে তাঁকে নিচতলার গ্যালারি থেকে ধরে নিয়ে যান ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। অন্যদিকে সুচিং মারমা সকালে আইন অনুষদে মৌখিক পরীক্ষা দিতে এলে তাঁকে অপহরণ করে নিয়ে যান ফজলে রাব্বী সুজনের অনুসারীরা।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘মৌখিক পরীক্ষা চলাকালে একজনকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি।’
আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘আইন অনুষদ ভবন থেকে একজন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে অপহৃত দুজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, ‘আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। কেউ যদি অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হোক।’