দুজনকে আছড়ে মেরে গুলিতে মরল হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় একটি হাতির আছাড়ে দুজন নিহত হওয়ার পর হাতিটিকে গুলি করে মারা হয়  ছবি: খায়রুল হক
নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় একটি হাতির আছাড়ে দুজন নিহত হওয়ার পর হাতিটিকে গুলি করে মারা হয় ছবি: খায়রুল হক

গারো পাহাড় থেকে নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার মিঠাপুকুর পাড় এলাকায় এসে শুঁড় দিয়ে আছড়ে দুজনের প্রাণ নিয়েছে একটি হাতি। পরে হাতিটিকে গুলি করে মেরে ফেলা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
হাতির আক্রমণে আহত হন আরও দুজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ, এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হাতিটি প্রথমে সোমেশ্বরী নদীর চর দিয়ে পৌর এলাকায় ঢুকে পড়ে। এরপর সাধুপাড়ার হরি দে নামের এক ব্যক্তির বাড়িতে আক্রমণ করে এটি। তখন হরি দের স্ত্রী গীতা রানী (৫৫) আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে হাতিটিকে মিঠাপুকুর পাড় (নলুয়াপাড়া) এলাকায় স্থানীয় জনতা ঘিরে ফেলে। একপর্যায়ে এটি আক্রমণ শুরু করলে সবাই পালাতে শুরু করেন। তবে শেষ রক্ষা হয়নি শিবু পাণ্ডের (৪০)। হাতিটি শুঁড় দিয়ে তাঁকে আছড়ে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর হাতিটি দুই-তিন কিলোমিটার দূরে চকলেংগুরা এলাকায় চলে যায়। তখন গ্রামবাসী চিৎকার শুরু করে এবং হাতিটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে হাতিটি ওই গ্রামের তাহের উদ্দিনকে (৭০) শুঁড় দিয়ে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় হাতির আক্রমণে একই গ্রামের আবদুর রহিম (৩৫) আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যায়। উপায়ান্তর না পেয়ে পুলিশ হাতিটি লক্ষ্য করে ১৬টি গুলি ছোড়ে। একপর্যায়ে হাতিটি মারা যায়।
স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, লোকালয় থেকে বের হতে না পেরে হাতিটি মানুষকে আক্রমণ করে। জানমাল রক্ষার্থে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।