দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান ওরফে রানা (৩০) হত্যা মামলায় কামরান (২০) ও সাদ্দাম (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার মাদারীপুরের শিবচর উপজেলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় মগবাজারের মসজিদ গলিতে মাহবুবুরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে ডিবি জানতে পারে, ঘটনার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী রনি ও তাঁর সহযোগীরা জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা আরও হয়, মাহবুবুর মগবাজারের ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করায় ক্ষুব্ধ হন রনি। আর এ কারণে রনির সহযোগী কামরান ও সাদ্দামসহ কয়েকজনের মাধ্যমে মাহবুবুরকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বলেছেন, রনির নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।