দুজনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হককে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এম ইদ্রিস সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সেনা সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে সভাপতি জানান।

 বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ইশরাক ও জিয়াউল হক সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। ২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কয়েকজন ধর্মান্ধ সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থান পরিকল্পনাকারী হিসেবে ইশরাক আহমেদ ও মেজর সৈয়দ জিয়াউল হকের নাম বলা হয়।

উল্লেখ্য, সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল ও একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ কিছু সেনা কর্মকর্তার বিচার চলছে সামরিক আদালতে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন বেসামরিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

ইদ্রিস আলীর সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য মোশাররফ হোসেন, মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের কোরাইশী, প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব খোন্দকার আসাদুজ্জামান, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেনেন্ট জেনারেল মইনুল ইসলাম, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী।