দুজনকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দিনদুপুরে দুজনকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের ব্যস্ততম জলেশ্বরীতলা এলাকার রহমানিয়া সিটি শপিং মল থেকে টাকা নিয়ে বের হওয়ার পর সাতমাথা-শেরপুর সড়কের ব্যস্ততম এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে রহমানিয়া সিটির হিসাবরক্ষক আতোয়ার হোসেন চৌধুরীকে (৫০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কর্মচারী পল্লব সাহাকে (৩২) শহরের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের জলেশ্বরীতলা কালিবাড়ী মোড় এলাকার ছয়তলাবিশিষ্ট রহমানিয়া সিটি থেকে ১৮ লাখ টাকা দুটি ব্যাগে ভরে রিকশায় করে ব্যাংকে যাচ্ছিলেন আতোয়ার ও পল্লব। পথে চারটি মোটরসাইকেলে থাকা ১০-১২ জন ছিনতাইকারী রিকশা আটকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে আতোয়ার ও পল্লবের ধস্তাধস্তি হয়। ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাহত করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন কর্মচারী পল্লব সাহা বলেন, ‘ছিনতাইকারীরা ঘিরে ধরার পর অনেক চিৎকার করেছি। অনেক লোক ছিনতাইয়ের দৃশ্য দেখেছে। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।’বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, প্রাথমিক তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত করা গেছে। একটি পেশাদার অপরাধী চক্র এর সঙ্গে জড়িত। ছিনতাই করা টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে।