দুজনকে পিটিয়ে মুঠোফোন ও অর্থ ছিনতাই, গ্রেপ্তার ১
ঢাকার দোহার উপজেলায় এক ডিগ্রি পরীক্ষার্থী ও এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে তাঁদের কাছে থাকা মুঠোফোন সেট ও নগদ অর্থ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। কলেজছাত্রকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় জয়পাড়া ডিগ্রি কলেজের ছাত্র মো. আল-আমিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কার্তিকপুর বাজারে ১০-১২ জনের এক দল সন্ত্রাসী তাঁর পথ রোধ করে। তারা মোটরসাইকেল থেকে তাঁকে টেনে নামিয়ে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। আল-আমিনের সঙ্গে থাকা ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনকেও টেনে নামায় সন্ত্রাসীরা। তবে তাঁকে মারধর না করে সঙ্গে থাকা মুঠোফোন সেট ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন সন্ত্রাসীরা।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।