নোয়াখালী জেলা প্রধান ডাকঘরে অনলাইন ব্যাংকিংয়ের ২৬ লাখ ৬০ হাজার ২৬৫ টাকা আত্মসাতের ঘটনায় সহকারী পোস্টমাস্টারসহ দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল রোববার ভোররাতে ডাক বিভাগের জেলা কর্মকর্তারা অভিযুক্ত ব্যক্তিদের থানায় সোপর্দ করেন। ওই দুই ব্যক্তি হলেন সহকারী পোস্টমাস্টার মনির চৌধুরী সহিদ ও পোস্টাল অপারেটর আবদুল্লাহ আল-সুফিয়ান। এ ঘটনায় গতকাল সহকারী পোস্টমাস্টার জেনারেল এস এম সহিদ উল্লা বাদী হয়ে জেলা প্রধান ডাকঘরের চার কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে সুধারাম থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন ভারপ্রাপ্ত ট্রেজারার আবু সায়েম ও পোস্টাল অপারেটর রিনা মজুমদার। তাঁদের দুজনের কাছ থেকে আত্মসাৎকৃত অর্থের পাঁচ লাখ টাকা করে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসব বিষয়ে জানার জন্য উপ-পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সহকারী পোস্টমাস্টার জেনারেলের (এপিএমজি) মুঠোফোনে ও দপ্তরে অনেকবার যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি। পরে জানতে চাইলে মামলা দায়ের করার কথা নিশ্চিত করেন নোয়াখালী ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মো. ওয়াহেদুজ্জামান।
গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার অনলাইন ব্যাংকিংয়ের টাকার গরমিল ধরা পড়ার পর পোস্টমাস্টার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল এ এস এম সফিউল্লা তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নোয়াখালী প্রধান ডাকঘর পরিদর্শনে এসে বিষয়টি তদন্ত করেন।
মো. ওয়াহেদুজ্জামান আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দীর্ঘ তদন্তে গত জুন মাসের ১৩ তারিখ থেকে সর্বশেষ ১ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে ২৬ লাখ ৬০ হাজার ২৬৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এরপর প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে সরকারি অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়। এতে কিছু টাকা আদায়ও হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।