দুজনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা ও দায়রা জজের আদালত গতকাল রোববার অপহরণ করে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন। এক লাখ টাকা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। জেলা ও দায়রা জজ মোহামঞ্চদ হোসাইন হেলাল এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন কারাগারে থাকলেও একজন এখনো পলাতক বলে আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বান্দরবানে অপহরণের ঘটনা বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণে নিয়ে এবং অপরাধীদের সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে সূত্র জানিয়েছে। তবে আসামিপক্ষের কৌঁসুলি বাসিংথোয়াই মারমা বলেছেন, মামলায় হুমায়ুন কবীরকে অপহরণ করে হত্যার কথা বলা হলেও পুলিশ তাঁর লাশ উদ্ধার করতে পারেনি। কোনো ধরনের আলামতও বাদীপক্ষ উপস্থাপন করতে পারেনি। পুলিশ ওই মামলায় একবার চূড়ান্ত প্রতিবেদনও (খারিজ) প্রদান করেছিল। সাজানো মামলায় এ রায় দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে গুংগুরু এলাকায় হুমায়ুন কবীর চৌধুরী নামের একজন ২০০৬ সালের ১১ অক্টোবর অপহূত হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরে হুমায়ুন কবীরের ভাই উশৈহ্লা মারমা ও মংছো খিয়াংয়ের বিরুদ্ধে মামলা করেন এবং পুলিশ উশৈহ্লা মারমাকে গ্রেপ্তার করে। গুংগুরু এলাকার খিয়াং আদিবাসীরা বলেছেন, হুমায়ুন কবীরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামে।