দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন, সাতজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আর এর আগে রিমান্ডে নেওয়া অপর সাতজনকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গ্রেপ্তার হওয়া আশরাফুল আলম ও জহিরুল ইসলামকে গতকাল বিকেলে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক সঞ্চিতা বিশ্বাস আজ রোববার রিমান্ডের আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন।
আশরাফুল আলম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী জহিরুল। র্যা ব গত বুধবার রাতে ঢাকার বাড্ডা থেকে তাঁদের গ্রেপ্তার করে। সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন, আশরাফুল ও জহিরুলকে সাংসদ হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সাংসদ হত্যার মামলায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, জামায়াতের নেতা ফরিদ উদ্দিন, সামিউল হক, হাদিসুর রহমান, জিয়াউল হক, নবীনুর খন্দকার ও হযরত আলীর সাত দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুন্দরগঞ্জ থানার ওসি বলেন, তাঁদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে উপজেলার নয়ারহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন সর্বানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মিয়া।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হন।