হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৭ জনের মধ্যে দুজনকে শপথবাক্য পাঠ করানো হলে তিন দিনের জন্য কালো পতাকা উত্তোলন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেই সঙ্গে এ দুজন বিচারককে অভিনন্দনও জানানো হবে না। গতকাল মঙ্গলবার সমিতির দক্ষিণ হলে এক জরুরি সভায় সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।খন্দকার মাহবুব হোসেন নিয়োগ পাওয়া দুজন বিচারককে শপথ না পড়াতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি এ দুজনকে শপথ পড়ানো হয়, তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাঁদের কোনো ধরনের অভিনন্দন জানাবে না। প্রতিবাদে তিন দিন সুপ্রিম কোর্টে কালো পতাকা উত্তোলন করা হবে। বিচারপতি মো. ইমান আলীরও সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দিলে প্রতিফল ভোগ করতে হবে। সমিতির সিদ্ধান্ত প্রধান বিচারপতির কাছে পাঠানো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বলেন তিনি।সভায় বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নাজমুল হুদা, আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম মিঞা, সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা, জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বেলা পৌনে দুইটায় আওয়ামী লীগ সমর্থক সমিতির সহসভাপতি ফজলুল হক খান ও সহ-সম্পাদক মোশফাকুর রহমানের নেতৃত্বে কোষাধ্যক্ষ ও কমিটির চার সদস্য সমিতির উত্তর হলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। তাঁদের দাবি, সমিতির সব সদস্যের সম্মতি ছাড়াই জরুরি সভা করা হয়েছে, এটি বৈধ নয়। এ ছাড়া রাজনৈতিক ও দলীয় হিসেবে সমিতির ব্যানার ব্যবহার করা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।