দুজনের অপমৃত্যু
রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় দুজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মগবাজারে রেললাইনে ট্রেনের ধাক্কায় লালচান ব্যাপারী (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদরে। গতকাল তিনি মগবাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। সন্ধ্যায় মগবাজার রেললাইনসংলগ্ন একটি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
এদিকে গতকাল বেলা সোয়া একটার দিকে মুগদার উত্তর মান্ডার এক বাসা থেকে মো. রাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেদ। প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
রাকিবের শ্যালক সোহেল প্রথম আলোকে বলেন, রাকিব বাসচালক। হরতাল-অবরোধের কারণে বাস চালাচ্ছিলেন না। এদিকে তিন মাসের বাসাভাড়া বাকি পড়ে তাঁর। বাড়িওয়ালা বিভিন্ন সময় ভাড়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে রাকিব আত্মহত্যা করেছেন।