চট্টগ্রামের ফটিক-ছড়িতে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বোনের মধ্যে দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। অন্য দুই বোন আশঙ্কামুক্ত। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিটের চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সোমবার দুপুরে ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুবাইফেরত মোহাম্মদ শফির মা চেমন আরা বেগম (৬০), শাশুড়ি হালিমা খাতুন (৬০) ও তাঁর ভাবি পারভীন আক্তার (৩০) নিহত হন। এতে আহত হয় সাতজন। আহতদের মধ্যে মোহাম্মদ শফির তিন মেয়ে লাভলী আক্তার (১২), শারমিন আক্তার (১১) ও পমি আক্তার এবং ভাতিজি সুমি আক্তার (১১) আগুনে দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক ইউনিটের রেজিস্ট্রার স্বরূপ চক্রবর্তী প্রথম আলোকে জানান, আগুনে পমির শরীরের ৭০ শতাংশ, সুমির ১৭ শতাংশ এবং অন্য দুজনের ৫ শতাংশ করে পুড়ে গেছে। তিনি বলেন, শারমিন ও লাভলীর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় সুমি আর পমির অবস্থা এখনো আশঙ্কাজনক।