দুজনের একসঙ্গে বিষপান!

যশোরের চৌগাছা উপজেলায় তরুণ–তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুজনে একসঙ্গে বিষপান করলে গতকাল শনিবার একজন ও আজ রোববার অপরজনের মৃত্যু হয়।
ওই তরুণের নাম আল-আমিন (২৫)। রোববার ভোরে আদরী খাতুন (১৫) মারা যান।
আদরী উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে বল্লভপুর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে। আল-আমিনের বাড়ি পাশের গ্রাম মাকাপুরে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেয়েটির বাবা ও আল-আমিন একই সঙ্গে দিনমজুরের (নির্মাণশ্রমিক) কাজ করতেন। সেই সূত্রে মেয়েটির সঙ্গে আল-আমিনের পরিচয় হয় এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার বিষয়টি মানবে না জেনে শুক্রবার সন্ধ্যায় স্কুলের পাশে একটি গাছের নিচে বসে দুজনে একসঙ্গে কীটনাশক পান করেন। তাঁদের উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
আদরী খাতুনের ভাই সেকেন্দার আলী জানান, বোনের প্রেমের বিষয়টি জানার পর বৃহস্পতিবার তাকে বকাঝকা করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বল্লভপুর স্কুলের মাঠে গিয়ে আদরী ও আল-আমিন বিষপান করেন।
চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।’