দুজনের কমিটি দিয়ে সাত বছর ধরে চলছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাত বছর ধরে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই চলছে। দুই নেতার দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে এ উপজেলায় নেতৃত্বের সংকটে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যেও হতাশা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ৯ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধূরী ও সাধারণ সম্পাদক পদে আজিজুল হক নির্বাচিত হন। তখন থেকেই এ দুজনের দ্বন্দ্ব শুরু। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওই দুই নেতার টানাপোড়েন আরও বেড়ে যায়। তাঁদের দ্বন্দ্ব থামাতে স্থানীয় প্রশাসনকে ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের সাধারণ কর্মীরা অভিযোগ করে বলেন, এভাবে একটি সংগঠন চলতে পারে না। সাত বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ওই দুই নেতার কোনো ভালো-মন্দ কাজের জবাবদিহি করতে হচ্ছে না। ফলে সংগঠন যেখানে খুশি যাক, দ্বন্দ্ব আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছেন তাঁরা। উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজাহান আলী কাজী বলেন, ‘আমরা যাঁরা ইউনিয়নের নেতা, তাঁরা পড়েছি মহা ঝামেলায়। একজনের সঙ্গে কথা বললে আরেকজন মাইন্ড করেন। অবিলম্বে নতুন কমিটি করে এ দ্বন্দ্বের অবসান ঘটানো দরকার। নতুন কমিটি ছাড়া কোনোভাবেই বর্তমান সংকট মিটবে না।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, দলে যোগ্য হবে—এমন নেতাদের নিয়ে একটি কমিটি করে তা জমা দেওয়া হয়েছে। জেলা কমিটি থেকে তাগাদাও দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটি করার। কিন্তু উপজেলা সভাপতি এ ব্যাপারে অনীহা দেখানোর কারণেই পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হচ্ছে।সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধূরী বলেন, কোনো দিন আওয়ামী লীগ করেননি, এমন লোকদের কমিটিতে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করতে চান। তিনি দলীয় নেতা-কর্মীদের মতামতের তোয়াক্কা না করে কমিটির তালিকা দেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না।