দুজনের কারাদণ্ড, তিন ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়ার শিবগঞ্জ, জয়পুরহাটের ক্ষেতলাল ও ফরিদপুরের বোয়ালমারীতে দুজনের কারাদণ্ড ও তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গাঁজা বিক্রির দায়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান তাঁকে এ দণ্ড দেন। উপজেলার রায়নগরে অবস্থিত জাতীয় মসলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে এক কেজি গাঁজাসহ তাঁকে ধরা হয়। শহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার বটতলী গ্রামের মজিবর রহমানের ছেলে।ক্ষেতলাল (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলালে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা ক্ষেতলাল থানার এএসআই মো. মমিনসহ অভিযানে যান। এ সময় উপজেলার শালবন মাদ্রাসা গেট-সংলগ্ন স্থান থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ শালবন গ্রামের ইউনুছ আলীর স্ত্রী রশিদা বেগমকে (৩৫) আটক করে। আসামি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিন ইটভাটাকে বিনা লাইসেন্সে ইট পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে গত সোমবার মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল ওই জরিমানা করেন। ইটভাটাগুলোর মধ্যে বারাংকুলা গ্রামের ম্যাক্সিম ব্রিকসকে ৫০ হাজার, কেএইচএস ব্রিকসকে ২৫ হাজার ও হাসামদিয়ার বিউটি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।