দুজনের কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বগুড়ার শেরপুর এবং ফরিদপুর শহরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে একজন ওএমএস ডিলার, পাঁচটি দোকান, একটি পেট্রলপাম্পকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়: লোহাগড়া: লোহাগড়ার লক্ষ্মীপাশার ডিলার তৌফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর নিবন্ধন বাতিলের সুপারিশ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান জানান, ওই ডিলার প্রতি পাঁচ কেজিতে আধা কেজি চাল কম দিচ্ছিলেন। উল্লাপাড়া: বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জর র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় উল্লাপাড়া বাজারে অভিযান চালিয়ে মাপে কারচুপি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি এবং নবায়ন করা নিবন্ধন না থাকায় জরিমানা করা হয়েছে। এসব দোকানের মধ্যে আজাদ স্টোর ৫০ হাজার টাকা, দত্ত অ্যান্ড ব্রাদার্স ২০ হাজার, লিলি মিষ্টান্ন ভান্ডার ২০ হাজার, অনিক ভ্যারাইটি স্টোর ১০ হাজার, আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার পাঁচ হাজার ও উল্লাপাড়া পেট্রলপাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেরপুর: শেরপুরে হেরোইন বিক্রেতা শহিদুল ইসলাম ওরফে সাবান আলীকে (৪৫) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে। থানার পুলিশ সূত্র জানায়, শহিদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। বুধবার ১৪ পুরিয়া হেরোইনসহ তিনি ধরা পড়েন।ফরিদপুর: শহরের রথখোলা এলাকার মাদক বিক্রেতা বাচ্চু ফকিরকে (৪২) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া মাদক বিক্রেতার বাড়ি জেলা সদরের পূর্ব খাবাসপুর এলাকায়। মঙ্গলবার রথখোলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ বাচ্চুকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।