দুজনের জবানবন্দি, মূল হোতা কাউন্সিলর বিপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে বোমা ছুড়ে হত্যার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর খন্দকার আবদুল্লাহ আল মামুন বিপুল। এই মামলায় গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন। বিপুল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ঘটনার দিনই তিনি গ্রেপ্তার হন।রাজধানী শপিং সেন্টারে গত ১ এপ্রিল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় রিপনের ওপর বোমা হামলা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল তিনি মারা যান। রিপন ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শহর যুবলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীনের ভাগনে। এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর বিপুল ও মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহসহ অজ্ঞাত পরিচয় আট-নয়জনকে আসামি করা হয়।মেয়র মুতাছিম বিল্লাহ ঘটনার কয়েক দিন পর উচ্চ আদালত থেকে জামিন পেলেও এলাকাছাড়া। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। তাই জামিনের পরও নিরাপত্তাহীনতার কারণে তিনি এলাকায় যেতে পারছেন না। একটি মহল তাঁকে খুন করার হুমকি দেওয়ায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছেন। অপর আসামি বিপুল ঘটনার দিন থেকেই কারাবন্দী। পুলিশ তাঁকে ভিন্ন আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নয় দফা রিমান্ডে নিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ লাল্টু ও মাসুদ নামের দুজনকে আটক করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম মাসুদ আলীর কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বলেছেন, বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন কাউন্সিলর বিপুল। অর্থের বিনিময়ে তারা পাঁচটি বোমা এনে বিপুলের কাছে দেন। রিপনের দোকানে ঢুকে প্রথম বোমাটি নিক্ষেপ করেন মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ গ্রামের লাল্টু। সঙ্গে ছিলেন মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার হালিম। প্রথমটি যদি লক্ষ্যভ্রষ্ট হয়, সে ক্ষেত্রে দ্বিতীয় বোমাটি ছোড়ার দায়িত্ব ছিল মাসুদসহ দুজনের। তাঁরা অবস্থান নেন শহরের উত্তরা ব্যাংকের পাশে। তৃতীয় দলে ছিলেন শহরের গোরস্থানপাড়ার আকালী, তিনি ছিলেন মডার্ন বেকারির সামনে। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম জানান, বিপুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বোমা হামলার পরিকল্পনা, হামলার কারণ ও নেপথ্যের মদদদাতা সম্পর্কে জানা গেছে। তদন্তের স্বার্থে এর অনেক কিছুই গোপন রাখা হয়েছে।মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার আকালী ও হোটেলবাজার এলাকার আবদুল হালিমকে খুঁজছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি বের হয়ে আসবে।