দুজনের দুই কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার পর আরাফাত সানিকে আদালত থেকে নিয়ে হাজতখানায় নেওয়া হয়। ছবি: প্রথম আলো
পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার পর আরাফাত সানিকে আদালত থেকে নিয়ে হাজতখানায় নেওয়া হয়। ছবি: প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস বেগম দাবি করেছেন, সানি বিবাহিত। সাত বছর আগে তিনি পারিবারিকভাবে সানির বিয়ে দিয়েছেন। মামলাকারী এই মেয়েটি সানির স্ত্রী নন।

তবে সানির বিরুদ্ধে মামলাকারী নারী বলছেন, সাত বছর আগে সানির সঙ্গে তাঁর সম্পর্ক হয়। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। ভাড়া বাসায় একসঙ্গে ছয় মাস সংসারও করেছেন। বাসায় উঠিয়ে নিতে বলায় আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দিয়েছেন সানি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ওই নারী।

আজ রোববার ঢাকার আদালত এলাকায় নিজ নিজ আইনজীবীদের চেম্বারে আরাফাত সানির মা ও মামলাকারী নারী প্রথম আলোকে এসব কথা বলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ৪ ডিসেম্বর সানির সঙ্গে ওই নারীর বিয়ে হয়। গত বছরের ১২ জুন সানি বাদীর ফেসবুক মেসেঞ্জারে দুজনের একান্ত ব্যক্তিগত ছবি ও বাদীর একক আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন। ২৫ নভেম্বর ভোররাত চারটার দিকে সানি আবার ফেসবুক মেসেঞ্জারে ওই নারীকে আপত্তিকর ছবি পাঠান। এ সময় তিনি আরও ভয়াবহ অবস্থার জন্য ওই নারীকে অপেক্ষা করতে বলে হুমকি দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, ওই নারীর অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। সানির সঙ্গে বাদীর বিয়ের দলিল নেই। তবে বাদীপক্ষের আইনজীবীরা ওই নারীর সঙ্গে সানির বিয়ের কাবিননামা আদালতে জমা দিয়েছেন।

সানির মা নার্গিস বেগম প্রথম আলোকে বলেন, সাত বছর আগে আরাফাত সানি বিয়ে করেছেন অন্য মেয়েকে। সাত বছর আগে বিয়ে হলেও সানির কোনো সন্তান নেই। এ বিষয়ে ওই নারীর ভাষ্য, ‘সাত বছর আগে সানির সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়। তখন আমি উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়তাম। ও (সানি) তখন সেলিব্রেটি ছিল না। আমার সঙ্গে প্রেমের তিন বছর পর তিনি বিপিএল খেলেন। তখন থেকে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাঁর সঙ্গে আমার সম্পর্ক চলতে থাকে।’

দুই পরিবারের কেউ বিয়ের ব্যাপারে রাজি ছিল না জানিয়ে ওই নারী দাবি করেন, ‘তখন ও আমাকে বলেছিল, “ফ্যামিলি থেকে রাজি না হলে আমরা বিয়ে করব।” শেষ পর্যন্ত ওর পরিবার থেকেও রাজি হয়নি। আমার পরিবার থেকেও রাজি হয়নি। পরে আমার বাসা থেকে আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয়। তখন সে আমার মেজ বোন ও দুলাভাইকে রাজি করিয়ে আমার বিয়ের উদ্যোগ ভেঙে দেয়। তখন সানি আমাকে বিয়ে করতে চায়। বিয়ের সব আয়োজন সে-ই করে। বিয়েতে তাঁর বন্ধুরাও উপস্থিত ছিল। আমার পক্ষে ছিল আমার বোন ও দুলাভাই। বিয়ে করার পর আমার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করে, “আমাকে তিন মাস সময় দেন, ঝামেলা মিটিয়ে ওকে ঘরে তুলে নেব।” এরপর আর বাড়িতে তুলে নেয়নি। এ ব্যাপারে বিভিন্ন অজুহাত দেখিয়ে টালবাহানা করেছে।’

বিয়ের পর সানি বাসা ভাড়া করেন বলে জানান ওই নারী। তাঁর ভাষ্য, ‘আমার বোন যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসার পাশেই সানি আমাকে বাসা ভাড়া করে দেয়। সে কিন্তু তার বাসাতে আমাকে তুলতে চায়নি।’

আদালতে প্রথম আলোর কাছে সানি দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি ন্যায়বিচার চান। কথা বলার সময় তিনি ছিলেন অশ্রুসিক্ত।
সানির এমন বক্তব্যের জবাবে মামলার বাদী দাবি করেন, ‘সব তথ্য-প্রমাণ আমার মোবাইলে আছে; যা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মামলা নিয়েছে। তাঁকে গ্রেপ্তারও করেছে।’

ওই নারী বলেন, ‘আমি যখন চাকরি করতে চেয়েছি, তখন আমাকে সে চাকরি করতে দেয়নি। আমি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছি। থার্ড ইয়ারে পড়ার (তৃতীয় বর্ষ) সময় আমাকে ভাড়া বাসায় নেয়। তখন আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছিল।’ তিনি আরও বলেন, সানির কারণেই তাঁর লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

সানির মা নার্গিস বেগম প্রথম আলোকে বলেন, সানির ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই মেয়ে এ মামলা করেছেন। এ ব্যাপারে ওই নারীর ভাষ্য, ‘আমি সানিকে ভালোবাসি। ওর ভাবমূর্তি নষ্ট করার জন্য মামলা করিনি। তাঁকে আমি বিশ্বাস করেছি। আমি তাঁর সঙ্গে সংসার করতে চেয়েছি।’

বিয়ের কাবিননামা কয়েক মাস আগে হাতে পেয়েছেন জানিয়ে ওই নারী দাবি করেন, ‘আমাকে বাসায় তুলে নেওয়ার কথা থাকলেও তুলে না নিলে আমি ভাড়া করা বাসা থেকে পরে বাবার বাসায় চলে আসি। তখন ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল না। সে আমাকে পরে কনভিন্সড করার চেষ্টা করে। তারপর দেশের বাইরে বেড়াতে যাওয়ার জন্য ভিসার কাগজপত্র তৈরি করতে গিয়ে সেখানে সে কাবিননামাটি দাখিল করে। তখন আমি তাঁর কাছে বিয়ের কাবিননামা চাইলে সে ওই ডকুমেন্ট দিয়ে দেয়। বিয়ের দেনমোহর ধরা হয় ৫ লাখ ১ টাকা।’

তথ্যপ্রযুক্তি আইনে ওই নারীর করা মামলায় আজ গ্রেপ্তারের পর এক দিনের রিমান্ডে আছেন আরাফাত সানি। সকালে ঢাকার আমিনবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ।