বগুড়ার কাহালু উপজেলায় স্কুলছাত্র নাঈমুর ইসলামকে (১৩) অপহরণের পর হত্যা এবং লাশ ইটভাটায় পোড়ানোর চাঞ্চল্যকর মামলায় দুজনের মৃত্যুদণ্ড হয়েছে। আরেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ৩৫ পৃষ্ঠার এই রায়ে তিনি নাঈমুর হত্যা ও লাশ জ্বলন্ত ইটভাটায় পোড়ানোর ঘটনাকে সমাজের ‘বর্বর এবং বিরল’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন কাহালু উপজেলার উলুট্র এলাকার ইটভাটা মালিক আবদুল মান্নানের ছেলে জাকারিয়া (২৯) এবং তাঁর সহযোগী উলুট্র পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডালিম (২৪)। রায়ে তাঁদের হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়। মামলার পর থেকেই জাকারিয়া পলাতক। আর ডালিম গ্রেপ্তারের পর জামিন নিয়ে পলাতক হন। সাত বছরের দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন একই এলাকার আহম্মেদ আলীর ছেলে আবদুল মতিন ওরফে মতি (২৩)। রায় ঘোষণার সময় একমাত্র তিনিই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার অপর তিন আসামি শাহাদৎ হোসেন, আসাদুজ্জামান ওরফে জামান এবং শাকিল মোল্লা নিজেদের অপ্রাপ্তবয়স্ক বলে উচ্চ আদালতে রিট করে। আদালত ছয় মাসের জন্য তাদের বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের মেয়াদ শেষে আগামী মাসে শিশু আদালতে তাদের বিচার হবে বলে রায়ে বলা হয়েছে।
আদালতের নথি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নাঈমুর ২০১২ সালের ৫ এপ্রিল সকালে অপহরণের শিকার হয়। ঘটনার সময় সে উপজেলার রুস্তমচাপড় গ্রাম থেকে উপজেলা সদরের চারমাথা এলাকায় কোচিং সেন্টারে যাচ্ছিল। অপহরণকারীরা পরে নাঈমুরের বাবা রফিকুল ইসলামের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি অপহরণকারীদের কথামতো উলুট্র এলাকায় আবদুল মান্নানের ইটভাটার নির্জন স্থানে পাঁচ লাখ টাকা রেখে আসেন। এরপরও নাঈমুরকে ফেরত না পেলে তিনি পুলিশের শরণাপন্ন হন।
কাহালু থানা-পুলিশ মুঠোফোনের কল-তালিকার সূত্র ধরে প্রথমে শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। শাহাদৎ অপহরণ ও হত্যাকাণ্ডের আদ্যোপান্ত স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি মোতাবেক, আসামিদের চিনে ফেলায় ও মুক্তিপণ পেতে বিলম্ব হওয়ায় অপহরণের দিন বিকেলেই গলায় রশি পেঁচিয়ে নাঈমুরকে হত্যা করেন জাকারিয়া ও শাকিল। ডালিম লাশ বস্তায় ভরে মোটরসাইকেলে তুলে জাকারিয়ার বাবার ইটভাটায় নিয়ে যান। রাত আটটার দিকে লাশ ইট পোড়ানোর জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা হয়।
নাঈমুরের বাবা রফিকুল ১০ এপ্রিল কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ১১ ডিসেম্বর আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষিত হলো। রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জাকারিয়া ও ডালিমকে এক লাখ টাকা জরিমানা করে অর্থদণ্ড করেছেন আদালত। আর সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মতিনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে।
নাঈমুরের বাবা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুনিদের ফাঁসির রায়ে খুশি তিনি। তবে তিনি দ্রুত রায় কার্যকর এবং বাকি তিন আসামিরও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান।
আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’