চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পল্লী বিদ্যুতের কর্মকর্তা শরিফুল আলম হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৪৫) ও দিদারুল আলম (৫৫)। এর মধ্যে আসামি জাকির জামিনে গিয়ে পলাতক আছেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর দাওয়াতের কথা বলে শরিফুলকে চন্দনাইশ থেকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নন্দনাদিঘীর পাড়ে নিয়ে যান আসামিরা। পরে তাঁরা গলায় তার পেঁচিয়ে ও ছুরিকাঘাত করে শরিফুলকে হত্যা করেন। এ ঘটনায় স্থানীয় চৌকিদার মো. ইউনুছ হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে কাউছার আক্তার নামের এক নারীকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জাকির ও দিদারুলকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন জাকির। জাকির ও দিদারুল ব্যবসা করার জন্য শরিফুলের কাছ থেকে চার লাখ টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে তাঁরা পরিকল্পিতভাবে শরিফুলকে হত্যা করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোজাফফর, তাহের ও কাউছার আক্তারকে বেকসুর খালাস দেন আদালত।
নিহত শরিফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহে।