চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের অনুপস্থিতিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মধ্যম বাইনজুরী এলাকার মো. শহীদ ও হেশাম উদ্দিন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনের ফাঁসি ও প্রমাণিত না হওয়ায় ছয়জনকে বেকসুর খালাস দেন আদালত।
খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোজাহেরুল ইসলাম, আইয়ুব খান, মো. মিয়া, আলী আজম, মো. সাজ্জাদ ও আবদুল হাকিম। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
২০১০ সালের ৮ মার্চ চন্দনাইশের মধ্যম বাইনজুরী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মনসুর আহমেদ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই হারেছ খান আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।