দুজনের বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আনিছুর রহমান (বায়ে) ও বাদল আলী (ডানে) সুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন । সঙ্গে পরিবারের স্বজনরা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। মঈনুল ইসলাম, রংপুর
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আনিছুর রহমান (বায়ে) ও বাদল আলী (ডানে) সুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন । সঙ্গে পরিবারের স্বজনরা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। মঈনুল ইসলাম, রংপুর

দুই জোড়া হাত ছিল পরিশ্রমের। গতর খাটিয়েই হতো অন্নের সংস্থান। সহসা বিস্ফোরণ সবকিছু ওলটপালট করে দিল। অন্য আরও শ্রমিকের সঙ্গে পরিশ্রমী দুটি মানুষ পুড়ে দগ্ধ হলেন। তারপর দুই মাস ধরে চলেছে বাঁচার লড়াই। এ বিস্ফোরণে প্রাণ গেছে ১৭ জন সহকর্মীর। অন্তত প্রাণটা বেঁচে গেছে বাদল আর আনিসুরের। এ জন্যই খুশি তাঁরা। বাদল বলছিলেন, ‘এত দিন পর বাড়ি যাইছি। মনে হয়ছে নতুন জীবন ফিরি পাইলাম। নিজে বাঁচলেও কষ্ট-যন্ত্রণাও আছে অনেক। কেননা এই ঘটনায় আমার তিন ভাই মারা গেছে।’

দিনাজপুরের শহরের রানীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইস মিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। ওই দিন ১৯ জনকে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বাদল ও আনিস ছিলেন। আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বিভাগ থেকে ছাড়া পান।
এমন সময় তাঁর পাশে থাকা তাঁর স্ত্রী রোকসানা বেগম বলেন, ‘ওমরা (স্বামী) বাঁচি উঠিছে, এইটাই ভাগ্য। এখন কেমন করি সংসার চলবে তা বুঝি উঠপার পারি নাই।’
বাদলের ছেলে রুমন ইসলাম দিনাজপুর সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, আমার একটা চাকরি হলে খুব ভালো হতো। তা না হলে সংসার ও পড়াশোনা কেমন করে চলবে।
বাদলের আরও তিন ভাই এ ঘটনায় মারা গেছেন। তাঁরা হলেন মোকসেদ, রোস্তম ও দেলোয়ার।
দুর্ঘটনায় আহত আনিসুরের এক ছেলে দশম শ্রেণিতে ও আরেকজন পঞ্চম শ্রেণিতে পড়ছে। আনিসুরের স্ত্রী কোহিনুর বেগম বলেন, ‘চিকিৎসার পর স্বামী বাঁচি আছে এইটায় কপাল। কিন্তু দুই ছইলোক নিয়া সংসার কেমন করি চলবে, এইটা ভাবলে শরীরটা মনে হয় অবশ হয়া যায়। ছইল দুইটার জন্যে কাও যদি সাহায্য করিল হয়।’
পরিশ্রমী মানুষ দুটোর বাকি জীবন কাটবে কীভাবে, কাজ করে খেতে পারবেন তো বাকিটা জীবন? খুব তাড়াতাড়ি তা সম্ভব না হলেও কিছুটা বিশ্রামের পর দুজনই কর্মক্ষম হয়ে উঠবেন। এমন অভয় দিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম। তিনি বললেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি সবাইকে সুস্থ করে তুলতে। কিন্তু ভর্তি হওয়া ১৯ জনের মধ্যে সবাই ছিল অধিক বার্ন। অনেক চিকিৎসার পর দুজনকে বাঁচানো গেছে। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এটিই আনন্দের।’