দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান এ তথ্য জানান।

আসামি দুজন হলেন শরীয়তপুরের সোলায়মান মোল্লা ও ইদ্রিস সরদার। এর মধ্যে সোলায়মানকে গত ১৫ জুন গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযুদ্ধকালে মুসলিম লীগের নেতা ছিলেন। ইদ্রিস ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ছাত্রসংঘের নেতা। বর্তমানে তিনি পলাতক।

আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, এ দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর সদরে হিন্দু সম্প্রদায়ের এক থেকে ১৫০ জন মানুষকে হত্যা; মালোপাড়ার হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ জন নারীকে ধর্ষণ ও নির্যাতন; শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবনে দুই ব্যক্তিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দেশান্তরে বাধ্য করা।
তদন্ত সংস্থার সমন্বয়ক জানান, এই তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে।