দুজনের ভারে সেতু ভেঙে নদীতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া-টিকারী সড়কের টিকারী বাজারের কাছে সানচাই নদীর ওপর থাকা সেতুটি ভেঙে পড়েছে। ভেঙে পড়া সেতুর পাশে বাঁশের সাঁকো তৈরি করে পথচারীরা চলাচল করছেন l প্রথম আলো
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া-টিকারী সড়কের টিকারী বাজারের কাছে সানচাই নদীর ওপর থাকা সেতুটি ভেঙে পড়েছে। ভেঙে পড়া সেতুর পাশে বাঁশের সাঁকো তৈরি করে পথচারীরা চলাচল করছেন l প্রথম আলো

বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই হঠাৎ নদীতে ধসে পড়ল একটি সেতু। গত সোমবারের এ ঘটনার সময় সেতুটির ওপর ভর বলতে ছিল দুজনমাত্র মানুষ। এখন যোগাযোগবিচ্ছিন্ন ঝিনাইদহ ও মাগুরার অন্তত ১৫টি গ্রাম।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া-টিকারী সড়কে সানচাই নদীর ওপর ১৯৯৪ সালে নির্মিত হয় সেতুটি। ৫৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
এলাকার অনেকে বলেন, ঝিনাইদহ জেলা শহর থেকে নারিকেলবাড়িয়া ও টিকারী হয়ে মাগুরা শহরে চলে গেছে সড়কটি। তাই ভারী যানবাহনও চলাচল করত সেতুর ওপর দিয়ে। ঝিনাইদহ সদরের জিতড়, মিয়াকুণ্ডু, কুশোবাড়িয়া, ধনঞ্জয়পুর, মুক্তারামপুর, মাড়নিব্দ, নারিকেলবাড়িয়া, টিকারী, দহখোলা, দিঘিরপাড় এবং মাগুরা সদরের লক্ষ্মীপুর, মালঞ্চি, ব্যাংশ ও বেরুইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ সেতু ব্যবহার করে। গত সোমবার সকালে হঠাৎ সেতুটির মাঝের অংশ ধসে নদীতে পড়ায় তারা দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ কামাল বলেন, সাত থেকে আট মাস আগে সেতুটির মাঝের অংশ কিছুটা দেবে যায়। বিষয়টি স্থানীয় এলজিইডি দপ্তরে জানানো হয়। খবর পেয়ে দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে আসেন। কিন্তু তাঁরা ভারী যানবাহন চলাচল বন্ধের একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েই চলে যান। সেভাবে চলছিল। ভ্যান, বাইসাইকেল, নছিমন ও করিমন ছাড়া কোনো যান চলত না। মাঝেমধ্যে দু-একটি গরুর গাড়ি চলাচল করত। এর মধ্যেই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেতুটির মাঝের অংশ ধসে পড়ে। এ সময় সেতুর ওপরে ছিলেন টিকারী গ্রামের সজীব হোসেন ও দুলাল মিয়া। তাঁরা নিচে পড়ে সামান্য আহত হন।
সরেজমিনে দেখা যায়, নারিকেলবাড়িয়া-টিকারী সড়কের টিকারী বাজারের পাশ দিয়ে বয়ে গেছে সানচাই নদী। টিকারী বাজারের কাছেই এ নদীর ওপর সেতুটি অবস্থিত। তার মাঝের অংশের প্রায় ১৭ মিটার ভেঙে নদীতে পড়ে আছে। ফলে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। নৌকায় করে মালামাল পারাপার করতে হচ্ছে। তবে সেতুর পাশে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। সেটি ব্যবহার করে মানুষ নদী পার হচ্ছে।
সেতু ভাঙায় জীবিকা ফিরল: ভাঙা সেতুর পাশে সাঁকোটি তৈরি করেছেন টিকারী গ্রামের বাসিন্দা সুবোধ কুমার। এ ঘাটে যখন সেতু ছিল না, তখন নৌকায় মানুষ পার করে জীবিকা চালাতেন তিনি। সেতু হওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই সেতু ভেঙে যাওয়ায় তিনি পুরোনো জীবিকা ফিরে পেয়েছেন।
সুবোধ কুমার বলেন, এই ২২ বছর তিনি মাছ ধরাসহ নানা উপায়ে জীবিকা নির্বাহ করেছেন। সেতু ভেঙে যাওয়ায় এখন তিনি আবারও মানুষ পার করে পয়সা পাচ্ছেন। তবে এবার নৌকায় নয়, বাঁশের সাঁকোয়। পথচারীরা পার হওয়ার সময় খরচ হিসেবে হাতে কিছু তুলে দিচ্ছেন।
এত অল্প সময়ে সেতুটি ভেঙে পড়ার কারণ জানতে চাইলে এলজিইডির ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘সেতুটি যে ধারণক্ষমতার, তার চেয়ে কয়েক গুণ বেশি ওজন নিয়ে গাড়ি চলাচল করেছে।’ তিনি আরও বলেন, ইতিমধ্যে তিনি সেতুটি দেখে এসেছেন। নকশা হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে ওই স্থানে নতুন সেতু হবে বলে তিনি আশা করছেন।