দুজনের মৃত্যু, আহত আরও ৮৪
কক্সবাজার ও বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচানী সহিংসতায় গুলিবিদ্ধ দুজন গতকাল বুধবার মারা গেছেন।
এ ছাড়া চার জেলায় নির্বাচনী সহিংসতায় অন্তত ৮৪ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জেলা চারটি হলো সিরাজগঞ্জ, বরিশাল, নাটোর ও কুড়িগ্রাম।
গত মঙ্গলবার ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও পুলিশের গুলিতে আহত হয়েছেন সহস্রাধিক ব্যক্তি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আহত হয়েছেন। ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে গত সোমবার পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ১০ জন নিহত হন। আহত হন ২ হাজারের বেশি। মঙ্গলবার আরও ১১ জন নিহত হন। এদিকে কক্সবাজার ও বগুড়ায় গুলিবিদ্ধ দুজন গতকাল বুধবার মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হলো ২৩।
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মনির আহমদ (২৮)। তাঁর বাড়ি বাবরাং ইউপির মণ্ডলপাড়া গ্রামে।
অন্যদিকে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাইল ইউপিতে মঙ্গলবার নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত জবেদ আলী নামের আওয়ামী লীগের এক নেতা গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জবেদ আলী বহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে সারিয়াকান্দি থানার ওসি এ এস এম ওয়াহেদুন্নবী দাবি করেন, নির্বাচন নয়, জমি নিয়ে বিরোধের জেরে জবেদের ওপর হামলা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): এ উপজেলায় নির্বাচন-পরবর্তী হামলায় চার নারী আহত হন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানগড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী বেতুয়া গ্রামের মাহাবুর আলমের সমর্থকেরা পরাজিত প্রার্থী নলছিয়া গ্রামের শরিফুল ইসলামের সমর্থকদের ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শরিফুলের পক্ষের বেশ কয়েকজন আহত হন। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।
গৌরনদী (বরিশাল): জেলার গৌরনদী, অগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।
নাটোর: মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার তিনটি ইউপিতে বিএনপির ও বাগাতিপাড়া উপজেলার একটি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আড়বাব ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেনের তিন কর্মীকে আওয়ামী লীগের কর্মীরা সালামপুর বাজারে ধানের শীষের পোস্টারসহ আটক করেন। পরে একটি ঘরে আটকে তাঁদের মারধর করেন। পরে আওয়ামী লীগ কর্মীরা বেলালের বড়বড়িয়ার গ্রামের বাড়িতে ভাঙচুর করেন।
কুড়িগ্রাম: সদর উপজেলার পাঁচগাছী ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।