ব্লগার রাজীব হত্যা মামলার রায় : মুফতি জসীমসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা
দুজনের মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ গতকাল বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। দেশে ব্লগার, লেখক-প্রকাশকদের ওপর হামলা-হত্যার ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়।
রায়ে আদালত রাজীবকে হত্যার পরিকল্পনা ও হত্যার দায়ে ফয়সাল বিন নাঈম ওরফে দীপ এবং পলাতক আসামি রেদোয়ানুল আজাদ ওরফে রানাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। হত্যায় সহযোগিতা ও সহায়তার দায়ে মাকসুদুল হাসান ওরফে অনিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। হত্যায় প্ররোচনা দেওয়ায় মুফতি জসীমকে পাঁচ বছর, হত্যা পরিকল্পনায় সহায়তা করায় এহসান রেজা, নাফিজ ইমতিয়াজ ও নাঈম শিকদারকে ১০ বছর করে এবং ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এহসান, নাঈম ও নাফিসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রেদোয়ানুল ছাড়া বাকি সাত আসামিই কারাগারে আটক আছেন। মুফতি জসীম ছাড়া বাকি সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র।
কারাগারে আটক সাত আসামিকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায়ের পর আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজীবের বাবার রায় প্রত্যাখ্যান: রায় ঘোষণার পর রাজীব হায়দারের বাবা ও মামলার বাদী নাজিম উদ্দিন প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, এই মামলায় আত্মস্বীকৃত পাঁচজন আসামি আছেন, যাঁরা রাজীবকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অথচ আদালত দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। হত্যায় প্ররোচনার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিনকে সাজা দিয়েছেন। একই অপরাধে অন্য আসামিদের ভিন্ন সাজা দিয়েছেন। তিনি বলেন, ‘এই রায় আমি প্রত্যাখ্যান করছি। আমি উচ্চ আদালতে আপিল করব। রাজীব খুন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, রাজীব শুধু আপনার সন্তান না, দেশের সন্তান, তাঁর হত্যার বিচার হবে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আজ কী বিচার পেলাম?’
স্থপতি রাজীব ‘থাবা বাবা’ নামে ব্লগ লিখতেন। এতে ধর্মান্ধতা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের বিপক্ষে লিখতেন তিনি।
আদালতের পর্যবেক্ষণ: রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, মামলার তদন্তে তদন্ত কর্মকর্তার গাফিলতি আছে। রাষ্ট্রপক্ষ রাজীব হায়দারকে ব্লগার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। এজাহারে তাঁকে ব্লগার বলা হয়নি। আসামিদের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে ব্লগার ও লেখালেখির কারণে তাঁকে হত্যার বিষয়টি উঠে আসে। তবে তদন্ত কর্মকর্তা রাজীবের কোনো লেখা আলামত হিসেবে আনেননি।
পর্যবেক্ষণে বলা হয়, প্রশ্ন উঠতে পারে যে ঘটনার দিন যে মেয়েটি রাজীবের সঙ্গে ছিলেন, তিনিই হয়তো তাঁকে হত্যা করতে পারেন। তদন্ত কর্মকর্তার উচিত ছিল এ বিষয়টির ধূম্রজাল কাটাতে ওই মেয়ের জবানবন্দি নেওয়া। কিন্তু এর কোনোটিই হয়নি, যে কারণে মামলায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে আসামিপক্ষ সুবিধা পেয়েছে। তবে গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে জবানবন্দি দিয়ে রাজীবকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁরা কীভাবে জড়িত ছিলেন, তা তাঁদের জবানবন্দি থেকে ধারণা পাওয়া গেছে। এ মামলায় ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনকে উপস্থাপন করা হয়েছে। মামলায় চাক্ষুষ কোনো সাক্ষী নেই। তবে আসামিদের জবানবন্দি, মামলার আলামত, সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন।
পর্যবেক্ষণে আরও বলা হয়, পলাতক আসামি রেদোয়ানুল আজাদ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিলেন। মূলত তাঁর পরিকল্পনামতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আদালত বলেন, মুফতি জসীম উদ্দিন ছাড়া সাতজনই প্রকৌশল বিভাগের ছাত্র, ভিকটিমও প্রকৌশলী ছিলেন। প্রকৌশলী হওয়ার কারণে ভাবী প্রকৌশলীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, এমনটিও বলা যায় না।
পর্যবেক্ষণে মুফতি জসীমের বিষয়ে বলেন, তাঁকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে দেখানো হয়েছে। তদন্তে এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনেও আনসারুল্লাহ বাংলা টিম নামে সংগঠনের বিষয়ে পরিষ্কার করে বলা হয়নি। ওই নামের সংগঠনের কোনো দলিল আদালতে উপস্থাপন করা হয়নি। মুফতি জসীমের কিছু বই জব্দ করা হয়েছে মাত্র। সিডি জব্দের বিষয় উল্লেখ করলেও তা আদালতে উপস্থাপন করেনি।
পর্যবেক্ষণে বলা হয়, ‘মুফতি জসীম নাস্তিক ও ব্লগার বিষয়ে হত্যার প্ররোচণামূলক খুতবা দিতেন। তাঁর সেই খুতবা শুনে আসামিরা হত্যা করতে উদ্বুদ্ধ হন। কিন্তু কারও খুতবা বা প্ররোচনায় কাউকে হত্যা করে আইন নিজের হাতে তুলে নিতে হবে, এমনটি ঠিক নয়। ইদানীং দেখা যাচ্ছে, তুচ্ছ কারণে অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করছে। ক্রসফায়ারের মতো কাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই এ রায় তাঁদের জন্য একটি দৃষ্টান্ত।’
পর্যবেক্ষণে আদালত বলেন, তাঁর আগের কর্মস্থলে একজন মেধাবী জজ ছিলেন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তিনি চাকরি ছেড়ে দেন। পরে জেনেছেন, তিনি হিযবুত তাহ্রীরের সদস্য ছিলেন। এই অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। আসামিরা মেধাবী—এ মামলায় তা বিবেচ্য বিষয় নয়, কারণ অনেক মেধাবীই এখন বিপথগামী হচ্ছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেন তাঁর বাবা। গত বছরের ২৯ জানুয়ারি মুফতি জসীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, জসীম উদ্দিন খুতবায় ধর্মের বিরুদ্ধে লেখে এমন ব্লগারদের হত্যার ফতোয়া দিতেন। তাঁর লেখা বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবা শুনে বাকি আসামিরা ‘নাস্তিক ব্লগারদের’ খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন। জসীমকে ওই হত্যাকাণ্ডে উৎসাহদাতা হিসেবে উল্লেখ করা হয়।
রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের: বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাজীব হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায় কোনোভাবে জনগণের প্রত্যাশিত নয়, আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।’
সমাবেশে নিহত রাজীবের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘খুনিরা হত্যার কথা স্বীকার করলেও তাদের সবার সর্বোচ্চ শাস্তি হয়নি। আমরা ন্যায়বিচার পাইনি।’
স্বাগত জানিয়েছে সিপিজে: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজি) গতকাল এক বিবৃতিতে ব্লগার রাজীব হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়েছে। সিপিজের এশিয়াবিষয়ক গবেষণা সহযোগী সুমিত গালহোত্রা বলেন, ‘এই মামলার রায় দেরিতে হলেও এটি বাংলাদেশে ব্লগারদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রথম ব্যবস্থা, যা উৎসাহব্যঞ্জক।’