ফরিদপুরে বিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক গতকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন নজরুল ইসলাম ও সুজন ব্যাপারী। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মীর তানভীর রহমান ওরফে খসরু। তাঁকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। মীর তানভীর নিহত দম্পতির ভাতিজা। নিহত দম্পতি হলেন মীর সামছুল হক ও নার্গিস নাহার বেগম।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ২৫ জন সাক্ষীকে উপস্থাপন করেছে। তাঁরা অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আসামি নজরুল ও সুজনকে মৃত্যুদণ্ড এবং তানভীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রায় ঘোষণার আগে তিন আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ফরিদপুর কোতোয়ালি থানাধীন গৈজদ্দীন মুন্সীর ডাঙ্গা এলাকায় মীর সামছুল হকের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত দম্পতির ছেলে মীর মো. কামরুল আহসান মাসুদ ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন।
মামলাটি তদন্ত করেন র্যা ব-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামাল উদ্দিন। তিনি তদন্ত শেষে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি তিন আসামি নজরুল, সুজন ও তানভীরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটির দ্রুত বিচার নিষ্পত্তি করতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান। আসামিপক্ষে ছিলেন জামাল উদ্দিন খন্দকার ও ফারুক আহমেদ।