দুজনের মৃত্যুদণ্ডসহ ১২ আসামির দণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে সাতজন খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই আসামির মৃত্যুদণ্ডাদেশসহ ১২ আসামির দণ্ডাদেশের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
নিম্ন আদালত ২০০৮ সালের ৭ মে এ মামলার রায়ে কারাগারে আটক আবদুস ছালাম ওরফে মতি ও জাহিদ হোসেন ওরফে নাটকা বাবুকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ এবং আট আসামিকে খালাস দিয়েছিলেন।
হাইকোর্ট তিন আসামির জামিন বাতিল করে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এ তিনজন হলেন ১৯৯৪ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত স্থানীয় কমিশনার পদপ্রার্থী আবদুল আজিজ, মাহাতাব হোসেন ও মনির পাটোয়ারী। আজিজের ১০ বছরের কারাদণ্ড ও অপর দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বাকি সাতজন হলেন আবদুল আলিম ওরফে শাহীন, মুন্না, কালু ওরফে কাইল্যা, দেলোয়ার হোসেন ওরফে আন্ডা, আমির হোসেন ওরফে আমিরা, দিল মোহাম্মদ ওরফে মতি ও মোজাম্মেল। তাঁদের মধ্যে প্রথম পাঁচজন কারাগারে এবং অপর দুজন পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, খুরশীদ আলম খান, এ এস এম শাজাহান ও ইমরান এ সিদ্দিকী মামলা পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরদিন লালবাগে পরাজিত কমিশনার পদপ্রার্থী বিএনপির নেতা আবদুল আজিজ তাঁর কর্মিবাহিনী নিয়ে বিজয়ী কমিশনারের কর্মী-সমর্থকদের সমাবেশে এলোপাতাড়ি গুলি চালান। এতে দেলোয়ার, গাজী, নজরুল, আনোয়ার, হাফিজ, আজিজ ও শাহ আলম নিহত হন। এ ঘটনায় বিজয়ী কমিশনার হুমায়ুন কবির লালবাগ থানায় হত্যা মামলা করেন। ‘সেভেন মার্ডার’ হিসেবে পরিচিত এ মামলার বিচার চলাকালে আসামি আবদুল মজিদ (আবদুল আজিজের বাবা) মারা যান।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা জজ আদালত ২০০৮ সালের ৭ মে রায় দেন। পলাতক দুই আসামি ছাড়া অপর আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। চলতি মাসের শুরুতে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে গত রোববার থেকে রায় দেওয়া শুরু হয়ে গতকাল শেষ হয়।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া ১২ আসামির সাজার রায় বহাল রেখেছেন। আসামিদের ডেথ রেফারেন্স মঞ্জুর ও আপিল খারিজ করে ওই রায় দেওয়া হয়। জামিনে থাকা তিন আসামির জামিন বাতিল করে অবিলম্বে তাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামির আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামির পাঁচ হাজার টাকা জরিমানা মওকুফ করা হয়েছে।