দুজনের যাবজ্জীবন চারজনের জেল
বগুড়ায় ধর্ষণ এবং অপহরণের পৃথক তিনটি মামলায় দুজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে জরিমানা করা হয়েছে।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ২-এর বিচারক যথাক্রমে এস এম ছাইফুল ইসলাম ও মমতাজ পারভীন গতকাল বুধবার ও গত মঙ্গলবার এই রায় দেন।
এর মধ্যে গতকাল ট্রাইব্যুনাল-১ আদালত কিশোরী ধর্ষণের মামলার রায়ে বগুড়া শহরের নাটাইপাড়ার (নাটাইবিল) রাশেদকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেন।
২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর এক কিশোরীকে ধর্ষণ করেন রাশেদ। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার মা রাশেদের বিরুদ্ধে মামলা করেন।
একই আদালত শাজাহানপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে উপজেলার মানিকদীপা গ্রামের হুচমায়ূন কবির ওরফে টকি ও আমজাদ হোসেন, কাটাবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম এবং শেরপুর উপজেলার বামনপুর গ্রামের আল আমিনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস ও অন্য দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
২০০৭ সালের ২২ নভেম্বর রাতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।
এদিকে ট্রাইব্যুনাল-২ বগুড়ার শিবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের দায়ে উপজেলার বাদলাদীঘি গ্রামের আনিসুর রহমান ওরফে লিটন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শিবগঞ্জ উপজেলার ওই কিশোরীকে ২০০১ সালের ১৯ অক্টোবর ধর্ষণ করেন আনিসুর।