দুজনের শাস্তি বহাল, তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের বহিষ্কৃত ছয়জন নেতা-কর্মীর মধ্যে দুজনের শাস্তি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত শনিবার রাতে ছাত্রলীগের কর্মী তোফাজ্জল হোসেনকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ডিসিপ্লিনারি বডির এক সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু গতকাল সিন্ডিকেট ছয়জনের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতেয়াজ ও কর্মী আতিকুর রহমানের শাস্তি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। আর এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাকি চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সভায় জানানো হয়।সিন্ডিকেট সভার সদস্যসচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনের শাস্তি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বাকি চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাজা থেকে আপাত রেহাই পাওয়া ছাত্রলীগের নেতা আজিবুর রহমান বলেন, প্রশাসনের দূরদর্শিতার অভাবে তাঁদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।