দুজনের সঙ্গে কথা-কাটাকাটি শাস্তি ৭৩০টি পরিবারের
নীলফামারীর সৈয়দপুরে উত্তরা আবাসন প্রকল্পের ৭৩০টি বিহারি পরিবার সাত দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে। আবাসনের দুজন নারীর সঙ্গে পল্লী বিদ্যুতের কর্মীদের কথা-কাটাকাটির কারণে তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাস্তুভিটাহীন দরিদ্র এক হাজার পরিবারের জন্য সৈয়দপুর শহরের উপকণ্ঠে ঢেলাপীর এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের উভয় পাশে উত্তরা আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। সড়কের পশ্চিম পাশে ২৭০টি বাঙালি এবং পূর্ব পাশে ৭৩০টি বিহারি পরিবার বাস করছে। ১০ জুন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিলকর্মী আবদুর রহিমসহ চারজন বকেয়া বিল সংগ্রহের জন্য প্রকল্প এলাকার গ্রাহকদের কাছে তাগাদায় আসেন। এ সময় গ্রাহক বিহারি সানজিদা বেগম ও সায়রা বেগমের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে স্থানীয় লোকজন বিলকর্মীদের ঘেরাও করে ও মারতে উদ্যত হয়। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় তাঁরা ছাড়া পান। ওই দিন থেকেই আবাসনের পূর্ব পাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।সানজিদা বেগম বলেন, ‘বিদ্যুতের লোকজন এসেই আমাকে বলে, “তোমরা আবাসনের কেউ ভালো না, ঠিকমতো বিল দাও না। সবার সংযোগ কেটে দেওয়া হবে।” আমি তাঁদের বলি, আমরা তো নিয়মিত বিল পরিশোধ করছি, কিন্তু আপনারা তো ঠিকমতো বিদ্যুৎ দিতে পারেন না। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে।’ একই ধরনের কথা বলেন সায়রা বেগমও।বিলকর্মী আবদুর রহিম বলেন, ‘আমরা বিল চাইতে গেলে বিহারিরা প্রতি মাসেই গড়িমসি করে। এখন অর্থবছর প্রায় শেষ হওয়ায় আমাদের ওপর অফিসের চাপ আছে। তাই আমরাও গ্রাহকদের চাপ দিয়েছি। এ অবস্থায় ওই দুই মহিলা আমাদের গালমন্দ করেছে। এ সময় অন্যরাও আমাদের ঘেরাও করে এবং মারতে উদ্যত হয়। পরে প্রবীণ কয়েকজনের মধ্যস্থতায় আমরা সেখান থেকে চলে আসি।’১০ জুন আবাসনের প্রায় ৩০০ পরিবারের ঘরে গিয়ে বিলের কাগজে দেখা গেছে, এপ্রিল মাস পর্যন্ত সবারই বিল পরিশোধ করা হয়েছে। মে মাসের বিলও বেশির ভাগ গ্রাহক পরিশোধ করেছেন। মে মাসের বিল ১৬ জুন পরিশোধের শেষ সময় হওয়ায় অন্যরা পরিশোধ করেননি। তাঁরাও যথাসময়েই বিল পরিশোধ করবেন বলে জানান।আবাসনের বাসিন্দা মতিন আলম (৪৫) বলেন, ‘আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। মে মাসের বিল পরিশোধের শেষ সময় সীমা হচ্ছে ১৬ জুন। অথচ এর আগেই কেন আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো তা বুঝতে পারছি না।’ মোহাম্মদ আলী (৪২) বলেন, ‘সায়রা ও সানজিদার কাছে অপমানিত হয়েছে বিদ্যুতের লোকেরা। এর প্রতিশোধ নিতে গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হয়েছে। এটা কী ধরনের বিচার!’ সুলতানা বেগম (৪০) পরিশোধ করা বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে বলেন, ‘আমার কী দোষ? আমার সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো?’ কলেজছাত্রী স্মৃতি আহমেদ বলে, ‘সামনে এইচএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এই গরমে ঘরে কীভাবে পড়তে বসি? কার কাছে এর বিচার চাইব?’ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) দেওয়ান তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আবাসনের ৯৩৯ জন গ্রাহকের বিল বকেয়া রয়েছে। তাই ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৭৩০ জন গ্রাহক বিহারি। ওরা দুষ্টু প্রকৃতির মানুষ। সহজে বিদ্যুৎ বিল দিতে চায় না। আমাদের লোক তাগাদায় গেলে অপমান করে। বাকিরা বাঙালি, ওরা ভালো, চাইলেই বিল দেয়। তাই বাঙালিদের সংযোগ কাটা হয়নি।’