দুজনের সাক্ষ্যে সেদিনের বীভৎসতার বিবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম গণহত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁরা হলেন সাংবাদিক অঞ্জন কুমার সেন ও নিহত একজনের স্ত্রী শেফালী সরকার। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে তাঁরা সাক্ষ্য দেন। আদালত আগামী ২৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য রাখেন। ১৬৮ সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনা চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত। চলতি বছরের জানুয়ারি মাসে মামলাটি বিচারের জন্য প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিক অঞ্জন সেন আদালতকে বলেছেন, সেদিন সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের পুরোনো ভবনের পাশে ছিলেন তিনি। এ সময় তিনি পুলিশের লাঠিপেটা ও গুলি করার দৃশ্য দেখতে পান। তৎকালীন পুলিশ কমিশনার রকিবুল হুদার নির্দেশে গুলি করা হয় বলে সেদিন পুলিশের অন্য সদস্যরা তাঁকে জানিয়েছেন।’
সরকারি কৌঁসুলি বলেন, সংবাদ সংগ্রহের পর অঞ্জন সেন পত্রিকার অফিসে রিপোর্ট জমা দেন। পরে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসে অনেকের লাশ দেখতে পান। সেখান থেকে তিনি বলুয়ার দিঘির শ্মশানে গিয়ে লাশ পোড়াতে দেখতে পান। এসব বিষয়ে পত্রিকা অফিসে রিপোর্ট জমা দেওয়া হলেও অফিসে পুলিশ গিয়ে ছবি ও রিপোর্টগুলো নিয়ে আসে। তাঁর কর্মস্থল দৈনিক পূর্বকোণ ঘেরাও করে রেখেছিল পুলিশ।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আরেক সাক্ষী নিহত অজিত সরকারের স্ত্রী আদালতকে জানান, ঘটনার দিন তিনি শুনেছেন তাঁর স্বামীকে পুলিশ গুলি করে মেরেছে। তিনি তাঁর স্বামীর কর্মস্থল নগরের সিনেমা প্যালেসে দর্জির দোকানে এলে লোকজন তাঁকে জানান, পুলিশই তাঁর স্বামীকে গুলি করে মেরেছে। সেখান থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বলুয়ার দিঘির শ্মশানে গিয়েও তিনি পুলিশের গুলিতে তাঁর স্বামী মারা যাওয়ার তথ্য জেনেছেন।
পরে দুই সাক্ষীকে জেরা করেন আসামি মির্জা রকিবুল হুদার আইনজীবী আহসানুল হক।
আদালত সূত্র জানায়, মামলার আট আসামির মধ্যে মারা গেছেন দুজন। শুরু থেকে পলাতক রয়েছেন পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র মণ্ডল। জামিনে আছেন তৎকালীন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা, কনস্টেবল প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ আবদুল্লাহ।