বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার সাক্ষী কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলায় আসামি আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে তাঁদের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হয়েছিল।
অপর আসামি মো. সেলিমের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা এবং যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত সোহেল ওরফে আবদুল মালেককে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আদালতের রায়ে খালাস পাওয়া মো. সাইফুল ইসলামের ক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ সাপেক্ষে নতুন করে রায় দিতে বিচারিক আদালতে নথি ফেরত পাঠানো হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং বাদীপক্ষের করা সাজা বৃদ্ধি চেয়ে ও ফৌজদারি রিভিশনের (পুনর্বিবেচনার আবেদন) শুনানি শেষে এ রায় দেওয়া হয়। আদালত আবু নাসের, হুমায়ুন, সেলিম ও সাইফুলকে রায়ের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
আইনজীবীরা জানান, পাঁচ আসামির চারজন জামিনে ছিলেন। আসামি সোহেল কারাগারে আছেন।
২০০৪ সালের ১১ এপ্রিল চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় কেইপিজেডের সাবেক পরিচালক আবু নাসের চৌধুরী ও কর্মচারী হুমায়ুন কবির চৌধুরীর নাম উল্ল্লেখ করে পাঁচলাইশ থানায় ওই দিনই মামলা করেন কেইপিজেডের সাইট ইঞ্জিনিয়ার এ কে এম ইমতাজুল ইসলাম। ওই বছরের ২৪ এপ্রিল গোলাম রাব্বানী মারা গেলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ওই বছরের ২৮ আগস্ট সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ওই মামলায় ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার আদালতের রায়ে সেলিম, মো. হাশেম ও সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড; আবু নাসের ও হুমায়ুনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। সাইফুল ও মনছুর আলমকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাশেমের করা আপিলের শুনানি শেষে ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে খালাস দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ূন, নুরুল ইসলাম ও শাকিলা ফারজানা প্রমুখ। বাদীপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান ও এ এস এম আবদুল মুবিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ প্রমুখ।