বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠাননির্মাতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি পাঁচজনের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, গতকাল দুপুরে গ্রেপ্তার সাতজনকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় গ্রেপ্তার লিটু আনাম ওরফে লিটন ও মো. রায়হান হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পুলিশ গ্রেপ্তার আসলাম উদ্দিন, আমান উল্লাহ, মাহবুবা আক্তার ওরফে তৃষা, আবির হোসাইন বাঁধন ও তোফাজ্জল হোসেনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ এপ্রিল উত্তরার ১০ নম্বর সেক্টরে নিজের প্রতিষ্ঠান ‘মিডিয়া ভিশন’ থেকে শহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কর্মচারী লিটন, রোহানসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। তাঁরা বলেন, ঘটনার কয়েক দিন আগে শহিদুল ভিডিও ফুটেজ চুরির অভিযোগে রোহানকে চাকরিচ্যুত করলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। নিহত শহিদুলের মেয়ে শেখ সানজিদা ইসলাম বলেন, ‘আমার বাবা হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’