দুজনের ১৫ বছর করে কারাদণ্ড, ১০ কোটি ২০ লাখ টাকা করে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় ওম প্রকাশ চৌধুরী ওরফে ওম প্রকাশ আগরওয়ালা ও হরে কৃষ্ণ সাহা নামের দুই ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান এ রায় দেন। পাশাপাশি এ দুজনকে ১০ কোটি ২০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত দুই আসামিই পলাতক। একই মামলায় অন্য দুজনকে খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন খন্দকার নাসির হোসেন ও নারায়ণ চন্দ্র ভৌমিক।

মামলার নথিপত্র বলছে, জাল কাগজপত্র তৈরি করে ঢাকা ব্যাংকের ১৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬০ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৩ সালের ১ জুন মতিঝিল থানায় মামলা করে দুদক। মামলায় বলা হয়, আসামি ওম প্রকাশ প্রতারণা করে জয়েন্ট স্টক কোম্পানিতে মেসার্স এইচ বি অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটিতে ভুয়া আবাসিক ঠিকানা ব্যবহার করেন।

দুদক সূত্র বলছে, প্রধান আসামি ওম প্রকাশ চৌধুরী ওরফে ওম প্রকাশ আগরওয়ালার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও দুর্নীতির মামলা বিচারাধীন। এ মামলাগুলো ২০০৩ সালে করা হয়। ২০০২ সালে ওম প্রকাশ আগরওয়ালা নামের এক ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে পাঁচটি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচ ব্যাংকের এমডিকে অপসারণ করেছিল।

দুদকের কৌঁসুলি ফাতেমা খানম বলেন, অর্থ আত্মসাতের মামলায় ওম প্রকাশ চৌধুরী ওরফে ওম প্রকাশ আগরওয়ালা ও হরে কৃষ্ণ সাহাকে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও ঘোষণা করেন আদালত।