অতি জোয়ারের চাপে গত বৃহস্পতিবার রাতে ভোলার তজুমদ্দিন উপজেলা শহর রক্ষা বাঁধের দুটি স্থান ভেঙে প্রায় ছয়টি গ্রামের দুই হাজার চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্লাহ ও ভুলাইকান্দি নামক স্থানে শহর রক্ষা বাঁধের ১৫-২০ হাত করে ভেঙে গেছে। এতে ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের ৪০০ পরিবার, কেয়ামুল্লাহ গ্রামের আট শতাধিক, হাজীকান্দি গ্রামের চার শতাধিক, বুলাইকান্দি গ্রামের ৫০ ও গুরিন্দা গ্রামের তিন শতাধিক পরিবার এবং পার্শ্ববর্তী দক্ষিণ চাচড়া গ্রামের চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কিয়ামুল্লাহ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, পানিবন্দী হয়ে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কেয়ামুল্লা পয়েন্টে বেড়িবাঁধের ৯০০ মিটার একটি রিং বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজটি শেষ না হতেই শহর রক্ষা বাঁধের দুটি অংশে ভাঙনের ফলে প্লাবিত হয়ে এলাকার মানুষেরা পানিবন্দী হয়ে পড়েছে।