দুটি অবৈধ চা-কারখানার সন্ধান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার দুটি অবৈধ চা-কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া প্রচুর পরিমাণে চা-পাতা জব্দ করা হয়েছে।
পুলিশের বর্ণনা অনুযায়ী, উপজেলার বিভিন্ন চা-বাগান থেকে চোর চক্র রাতের আঁধারে কাঁচা পাতা চুরি করছে। এসব চোরাই কাঁচা চা-পাতা দিয়ে চা প্রস্তুতের জন্য তারা অবৈধ চা-কারখানাও গড়ে তোলে। ওই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ, উপপরিদর্শক (এসআই) চম্পক ধাম ও নূর মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তি থেকে রিনি বেগম, তাঁর ভাই তাহের মিয়া ও জমরুন নেছা (৩৫) নামের তিনজনকে আটক করে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ওই বস্তিতে চা-পাতা প্রস্তুতের দুটি অবৈধ কারখানা থাকার কথা স্বীকার করেন।
ওসি নিহার রঞ্জন নাথ জানান, আটক ওই তিনজনের স্বীকারোক্তি অনুসারে গতকাল পুলিশ ওই বস্তিতে অভিযান চলায়। এ সময় রিনির বাড়ির পেছনে একটি ও পলাতক জয়নাল মিয়ার বাড়িতে আরও একটি অবৈধ চা-কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় রিনির বাড়ি থেকে কমপক্ষে ৫০০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে চা-পাতা প্রস্তুতের জন্য ব্যবহূত বড় একটি কড়াই, বেশ কয়েকটি চালনি ও ডালা জব্দ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট চা-বাগান থেকে চা-পাতা চুরি করে পাচারকালে শমশেরনগর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে আটক করা হয়।