দুটি অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের ধারে অবৈধভাবে গড়ে ওঠা এআরএ ও আরএআর নামের দুটি ইটভাটা গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বন বিভাগ ও পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ ওই অভিযান চালান।
এআরএ ইটভাটাটি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল রানার ও আরএআর ইটভাটাটি জনৈক রফিকুল ইসলামের। এ ছাড়া অভিযানে সড়কের ওপর তৈরি সোহেল রানার ইটভাটার একটি ইটের ঘরও গুঁড়িয়ে দেওয়া হয়।
নবাবগঞ্জ বিট কার্যালয় সূত্রে জানা গেছে, বনের ধারে ইটভাটা রয়েছে ১২টি। এর মধ্যে মোজাম্মেল হক ওরফে মিঠু মিয়ার ভাটা এবং মহাসীন আলী ও ডাবলুর যৌথ মালিকানার ভাটা এ বছর চিমনি দিয়ে তৈরি করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোহেল ও রফিকুলের ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়। গতকাল সকালে প্রশাসনের লোক দেখে ভাটার লোকজন পালিয়ে যান। এ সময় প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার পাশে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।
এ ব্যাপারে ইউএনও বজলুর রশীদ বলেন, হরিপুর এলাকায় বনের ধারে আগে থেকেই সোহেলের একটি অবৈধ ইটভাটা রয়েছে। এক মাস আগে আরেকটি চিমনি ভাটা তৈরি শুরু করেন সোহেল। অভিযোগ পেয়ে ১০ জানুয়ারি অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। ভাটা অপসারণের মুচলেকা দিয়ে ওই দিন ছাড়া পান সোহেল। ছাড়া পেয়ে পুনরায় রাতারাতি চিমনি ভাটা তৈরি করে বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি করা শুরু করেন সোহেল। সোহেলের অপর ইটভাটাটি কংক্রিট দিয়ে স্থায়ী চিমনি করে তৈরি করা হয়েছে। সেটি ধ্বংস করতে বড় ধরনের যন্ত্র প্রয়োজন। দ্রুত ওই ইটভাটাসহ উপজেলার সবগুলো অবৈধ ইটভাটাই গুঁড়িয়ে দেওয়া হবে।
অভিযানে উপস্থিত বন বিভাগের নবাবগঞ্জ বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, বিধি অনুযায়ী বনের দুই কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু নবাবগঞ্জে জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা কয়েক বছর ধরে একের পর এক অবৈধ ইটভাটা গড়ে তুলেছে। এসব ভাটায় বনের চোরাই কাঠ পোড়ানোয় দিন দিন বনের কাঠ চুরিও বেড়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, জনপ্রতিনিধি হোক আর প্রভাবশালীই হোক দ্রুতই সবগুলো অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে। বর্তমানের উচ্ছেদের পাশাপাশি অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে।