বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হবে ৩১ অক্টোবর। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ দিন নির্ধারণ করেন।সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে দুটি মামলা নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার নথি গতকাল আদালতে উপস্থাপন করা হলে বিচারক দুটি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, গত ১২ জুলাই সিআইডি হত্যা, লুটপাট, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা নাসির উদ্দীন পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এর কয়েক দিন পর সিআইডি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় নাসির উদ্দীন ও তোরাব আলীর নাম বাদ দেওয়া হয়। দুটি মামলায় ২১ জওয়ানকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ করে সিআইডি। হাকিম আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডি তদন্ত শেষে হত্যা, লুটপাট, লাশ গুমসহ ২৪টি ধারায় একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি অভিযোগপত্র দাখিল করে।