দুটি অ্যাম্বুলেন্সই অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই অকেজো হয়ে পড়ে আছে। ফলে রোগীরা বাধ্য হয়ে অধিক টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। এর একটি দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। একটি দিয়ে এত দিন রোগী পরিবহন করা হচ্ছিল। সেটিও ২০ এপ্রিল চট্টগ্রামে রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে বিকল হয়ে যায়।
সূত্র আরও জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে রোগী পৌঁছে দিতে আড়াই হাজার টাকা গুনতে হতো রোগীদের। হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো অকেজো হওয়ার কারণে এখন বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াত করায় ভাড়া গুনতে হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা।
হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক ইউনুস আলী জানান, একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫ জন রোগীকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে পৌঁছে দিতে হতো।
বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক বেলাল হোসেন বলেন, ‘দিনেরবেলায় অক্সিজেন সার্ভিস ছাড়া খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে রোগী নিতে আমরা ছয় হাজার টাকা ভাড়া নিই। অক্সিজেন সার্ভিস ও রাতের বেলায় হলে এর ভাড়া আরও বাড়তি নিই।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা বলেন, ‘হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই অকেজো। এ কারণে রোগীরা নিজস্ব উদ্যোগে চট্টগ্রামে চলে যাচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাশ বলেন, ‘ইচ্ছা করলেও দুটি অ্যাম্বুলেন্স মেরামত করতে পারছি না। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসহ কিছু দাপ্তরিক কাজের অনুমতি নিতে হয়। এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে লিখেছি। আশা করি, শিগগির এ সমস্যার সমাধান হবে।’
খাগড়াছড়ি ফায়ার ডিফেন্স সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, ‘আমাদের অ্যাম্বুলেন্সটির অবস্থাও খুবই খারাপ। নিতান্ত জরুরি ভিত্তিতে ও খাগড়াছড়ি এলাকার মধ্যেই চলাচল করতে হবে, এমন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। গত কয়েক বছর আগে থেকে খাগড়াছড়ি ফায়ার স্টেশনের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকটি চিঠি পাঠানো হয়েছে।