দুটি অ্যাম্বুলেন্সই ১৬ দিন ধরে বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের অভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই ১৬ দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।

ছয় বছর ধরে হাসপাতালের অ্যাম্বুলেন্স দুটির জন্য তেল সরবরাহ করে আসছিল ফরিদপুর শহরতলির কোমরপুর ফিলিং স্টেশন। কিন্তু ১৬ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে এক চিঠিতে পাম্প কর্তৃপক্ষ জানায়, জুলাই মাস থেকে তাদের পক্ষে আর তেল সরবরাহ করা সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায়ই এই হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়। এ কাজে কম খরচে এবং সহজে জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স পাওয়া যায়। কিন্তু হাসপাতালের সরকারি দুটি অ্যাম্বুলেন্সই বন্ধ থাকায় রোগীদের বাইরে থেকে বেশি ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। এতে বাড়তি টাকা খরচের পাশাপাশি সময় নষ্ট হচ্ছে।

গত শুক্রবার জানতে চাইলে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের চালক মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, তেল সরবরাহ না পাওয়ায় ১ জুলাই থেকে দুটি অ্যাম্বুলেন্সই হাসপাতালের গ্যারাজে পড়ে আছে। এ সমস্যার কোনো সমাধান হয়নি।

কোমরপুর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কাওসার ফকির বলেন, ‘হাসপাতাল প্রতি তিন মাস পরপর কিছু কিছু টাকা দেয়, যা প্রয়োজনের তুলনায় কম। তিন মাসে দুটি অ্যাম্বুলেন্স আনুমানিক ৬ লাখ টাকার তেল নেয়। অথচ তিন মাস পরপর আমাদের এক থেকে দেড় লাখ টাকা দেওয়া হয়। এভাবে টাকা জমতে জমতে অর্থবছরের শেষে জুন মাসে এসে দেখা যায় বকেয়া হয়ে গেছে ১৮ থেকে ২০ লাখ টাকা। ফলে আমাদের ক্ষতি গুনতে হচ্ছে। এ ছাড়া টাকা পরিশোধের ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন। অনেক সময় দেখা গেছে, টাকা আসার পরও আমাদের দেওয়া হয়েছে এক থেকে দেড় মাস পর। সব মিলিয়ে আমরা অপারগতার কথা জানিয়ে দিয়েছি।’

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গণেশ আগরওয়ালা বলেন, ‘আমরা নতুন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আমরা অ্যাম্বুলেন্স দুটি চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’